‘যেদিন সকালে উঠে বিরক্ত লাগবে সেদিনই মাঠ ছাড়ব’ নির্বাচকদের তোপ দেগে হুঙ্কার ব্রাত্য সামির

‘যেদিন সকালে উঠে বিরক্ত লাগবে সেদিনই মাঠ ছাড়ব’ নির্বাচকদের তোপ দেগে হুঙ্কার ব্রাত্য সামির

২০২৩ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী হওয়া সত্ত্বেও কেন বারবার ব্রাত্য মহম্মদ সামি? দক্ষিণ আফ্রিকা সফর থেকে টি-২০ বিশ্বকাপ—টানা উপেক্ষায় নির্বাচক প্রধান অজিত আগরকরদের ভূমিকা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলে দিলেন এই তারকা পেসার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অবসরের প্রসঙ্গে বলতে গিয়ে সামি সাফ জানান, মানসিকভাবে তিনি এখনও বিন্দুমাত্র ক্লান্ত নন। বরং প্রতিদিন সকালে ক্রিকেটের প্রতি একইরকম জেদ আর খিদে অনুভব করেন তিনি।

বাংলার হয়ে চলতি মরসুমে ৬৭ উইকেট নিয়ে নিজের ধার প্রমাণ করেছেন ৩৫ বছর বয়সী এই বোলার। চোট সারিয়ে ফেরার পর ঘরোয়া ক্রিকেটে এমন পারফরম্যান্সের পরেও জাতীয় দলে ডাক না পাওয়াকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সামি স্পষ্ট ভাষায় বলেন, যেদিন সকালে উঠে মনে হবে খেলাটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, সেদিনই তিনি নিজে থেকে সরে যাবেন। কিন্তু বর্তমানে তিনি সম্পূর্ণ ফিট এবং খেলার প্রতি ইতিবাচক।

লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলের আগামী মরসুমে নতুন শুরু করতে চলেছেন সামি। নিজের সেরাটা দিয়ে লখনউয়ের আস্থার মর্যাদা রাখতে মরিয়া তিনি। ২০২৭ বিশ্বকাপের আগে ভারতীয় পেস আক্রমণে অভিজ্ঞতার অভাব মেটাতে সামির মতো লড়াকু মানসিকতার ক্রিকেটার যে অপরিহার্য, তার প্রমাণ তিনি মাঠেই দিতে চান। এখন দেখার, এই বিস্ফোরক বার্তার পর নির্বাচকরা তাঁদের অনড় অবস্থান থেকে সরে আসেন কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *