খননকার্যে উদ্ধার ৪০০ কেজির রহস্যময় সিন্দুক ঘিরে শোরগোল, ভেতর থেকে কী বেরোল জানলে চমকে যাবেন

অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার করিভেমুলা গ্রামে একটি পুরনো বাড়ি ভাঙার সময় মাটির নিচ থেকে উদ্ধার হওয়া বিশালাকার এক সিন্দুককে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা নরসিমহুলু নতুন বাড়ি তৈরির উদ্দেশ্যে কৃষ্ণা রেড্ডির কাছ থেকে কেনা একটি পুরনো ভবন ভাঙার কাজ শুরু করলে শ্রমিকরা মাটির গভীরে এই ভারী সিন্দুকটির সন্ধান পান। প্রায় ৪০০ কেজি ওজনের এই সিন্দুকটি এতটাই ভারী ছিল যে, সেটিকে মাটি থেকে তুলতে শেষ পর্যন্ত ট্র্যাক্টরের সাহায্য নিতে হয়।
রহস্যময় এই সিন্দুক পাওয়ার খবর গ্রামে রাষ্ট্র হতেই ভিড় জমায় কৌতূহলী মানুষ। সিন্দুকের ভেতরে গুপ্তধন বা মূল্যবান সম্পদ থাকতে পারে—এমন জল্পনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে এবং আইনগত প্রক্রিয়া বজায় রাখতে খবর দেওয়া হয় পুলিশ ও রাজস্ব বিভাগে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সরকারি কর্মকর্তাদের একটি বিশেষ দল এবং কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হয়।
সবশেষে পুলিশ ও রাজস্ব কর্মকর্তাদের উপস্থিতিতে গ্যাস কাটার দিয়ে সিন্দুকটির তালা কাটা হয়। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর সিন্দুকটি খুলতেই সেখানে উপস্থিত সবার উৎসাহ হতাশায় পর্যবসিত হয়। সিন্দুকটির ভেতরে কোনো সোনা-দানা বা মূল্যবান সামগ্রী ছিল না। পরিবর্তে সেখান থেকে উদ্ধার হয়েছে পুরনো কিছু অকেজো নথি, কাগজ, বালি এবং লোহা ও স্টিলের কিছু টুকরো।
রাজস্ব কর্মকর্তাদের মতে, সিন্দুকের ভেতরে পাওয়া নথিগুলো বর্তমান সময়ে কোনো বৈধতা বা গুরুত্ব বহন করে না। বহু মূল্যবান সম্পদের আশায় থাকা বাড়ির মালিক ও কৌতূহলী গ্রামবাসীরা শেষ পর্যন্ত খালি হাতেই ফিরে যান। চাঞ্চল্যকর এই ঘটনাটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত হচ্ছে।