মাকশিট আনতে গিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট নববধূর, গণধোলাই ও ছিনতাইয়ের চাঞ্চল্যকর অভিযোগ

উত্তরপ্রদেশের কনৌজের তালগ্রাম এলাকায় বিয়ের মাত্র এক মাসের মাথায় স্বামীর সঙ্গে বড়সড় প্রতারণা ও হাই ভোল্টেজ ড্রামা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার কলেজের মার্কশিট তোলার নাম করে স্বামীর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন এক তরুণী। জসোধা এলাকায় কলেজের সামনে স্বামীকে দাঁড় করিয়ে রেখে কৌশলে প্রেমিকের ই-রিকশায় উঠে পালানোর চেষ্টা করেন তিনি। সন্দেহ হওয়ায় স্বামী পিছু নিলে মাঝরাস্তায় শুরু হয় চরম উত্তেজনা ও হাতাহাতি।
ভুক্তভোগী স্বামীর অভিযোগ অনুযায়ী তিনি যখন ই-রিকশাটি থামানোর চেষ্টা করেন তখন ওই যুবক ও তার বন্ধুরা মিলে তাকে বেধড়ক মারধর করে। শুধু শারীরিক হেনস্থাই নয় ওই যুবকের দাবি অনুযায়ী তার সোনার চেন আংটি এবং নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে অভিযুক্তরা। এই পুরো ঘটনায় স্ত্রীও ওই যুবকদের সঙ্গ দেন এবং জনসমক্ষে স্বামীর সঙ্গে অত্যন্ত অভদ্র আচরণ করেন বলে অভিযোগ। রাস্তার ওপর দীর্ঘক্ষণ চলা এই নাটক দেখতে পথচারীদের ভিড় জমে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্ট সকলকে থানায় নিয়ে যায়। আক্রান্ত স্বামী ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে অমরোহার এক পৃথক ঘটনায় জনৈক ব্যক্তি তার স্ত্রী ও তার প্রেমিকের মরণাত্মক হামলার শিকার হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযুক্তরা ঘর থেকে নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে। পুলিশ দুই ঘটনারই মূল অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।