ভোটের আগে ৩০০০ টাকার ‘টোপ’! ‘মাতৃশক্তি কার্ড’ নিয়ে কমিশনে মরিয়া তৃণমূল।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিজেপি নেতাদের বিলি করা ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, বিজেপির এই কার্ড বিলি কেবল জনসেবা নয়, বরং ভোটারদের সরাসরি ‘নির্বাচনী ঘুষ’ দেওয়ার শামিল। এই কার্ডের মাধ্যমে ক্ষমতায় এলে মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও প্রলোভন দেখানো হচ্ছে বলে দাবি করেছে শাসক দল। অবিলম্বে এই কর্মসূচি বন্ধ করে বিজেপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে জোড়া-ফুল শিবির।
অন্যদিকে, বিজেপি এই কার্ডটিকে তাদের ইস্তেহার বা ‘সংকল্প পত্রের’ একটি অংশ হিসেবে অভিহিত করেছে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও নির্মলা সীতারমণের হাত ধরে বাংলায় চালু হওয়া এই কর্মসূচির মাধ্যমে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আওতায় মহিলাদের মাসে ৩০০০ টাকা দেওয়ার গ্যারান্টি দেওয়া হচ্ছে। বিজেপির দাবি, এটি কোনো ঘুষ নয়, বরং সাধারণ মানুষকে প্রতিশ্রুতির বিষয়ে নিশ্চিত করার একটি মাধ্যম। তৃণমূলের জনপ্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পাল্টা হিসেবে এই কার্ড বিলি নিয়ে রাজ্যের রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। এখন নির্বাচন কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়, সে দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।