‘পরিকল্পিত লোডশেডিং, সিসিটিভি বন্ধ’! গণনার আগে কর্মীদের রাত জেগে পাহারার নির্দেশ মমতার

‘পরিকল্পিত লোডশেডিং, সিসিটিভি বন্ধ’! গণনার আগে কর্মীদের রাত জেগে পাহারার নির্দেশ মমতার

কলকাতা: ৪ মে বিধানসভা নির্বাচনের মহাগণনা। তার মাত্র কয়েক ঘণ্টা আগে সমাজমাধ্যমে বিস্ফোরক পোস্ট করে রাজ্যজুড়ে আলোড়ন ফেলে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, স্ট্রংরুমগুলোতে ‘পরিকল্পিতভাবে’ লোডশেডিং করা হচ্ছে এবং বন্ধ করে দেওয়া হচ্ছে সিসিটিভি ক্যামেরা। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের রাত জেগে ইভিএম পাহারার দেওয়ার পাশাপাশি যে কোনও সন্দেহজনক পরিস্থিতিতে কড়া প্রতিবাদ জানানোর নির্দেশ দিয়েছেন তিনি।

নেত্রীর ফেসবুক ও এক্স হ্যান্ডেলে সতর্কবার্তা

রবিবার রাতে কালীঘাটে নিজের বাসভবনে ভবানীপুর কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের নিয়ে বিশেষ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক শেষ হওয়ার পরই গভীর রাতে সমাজমাধ্যমে কর্মীদের উদ্দেশে একটি দীর্ঘ বার্তা দেন তিনি। সেখানে তিনি লেখেন, “সতর্ক থাকুন। পাহারা দিন। রাত জাগুন। অভিযোগ করুন।” নেত্রীর দাবি, হুগলির শ্রীরামপুর, নদীয়ার কৃষ্ণনগর, বর্ধমানের আউশগ্রাম এবং কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ গণনাকেন্দ্রে দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে। এমনকি সিসিটিভি বন্ধ করে স্ট্রংরুমে গাড়ি যাতায়াত করছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।

“বিজেপির অঙ্গুলিহেলনে ষড়যন্ত্র”

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে স্পষ্ট অভিযোগ করেন যে, এই সমস্ত ঘটনাই ঘটছে বিজেপির নির্দেশে। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “আমি যেভাবে রাত জেগে সমস্ত বিষয়ের ওপর নজর রাখছি, আপনারাও রাত জেগে স্ট্রংরুমে জনগণের ভোটে পাহারা দিন। কোথাও কোনও সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে তাদের ঘিরে ধরুন, সঙ্গে সঙ্গে অভিযোগ করুন এবং সিসিটিভি ফুটেজ দাবি করুন।”

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সিসিটিভি বিভ্রাট ও কুণাল ঘোষের সরব হওয়া

মমতার এই পোস্টের মাঝেই রবিরাতে শহর কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হয়। বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দেখান যে, সিসিটিভি মনিটরের বেশ কিছু স্ক্রিন সম্পূর্ণ কালো হয়ে রয়েছে এবং সেখানে ‘নো ভিডিও’ (No Video) লেখা উঠছে। কুণালের প্রশ্ন, “ভেতরে কী হচ্ছে? স্ক্রিনে কিছু নেই কেন?” গত বৃহস্পতিবারও এই একই কেন্দ্রের সামনে শশী পাঁজা ও কুণাল ঘোষরা দীর্ঘক্ষণ ধরনায় বসেছিলেন।

নজর যখন নবান্নে

২০২৬-এর এই বিধানসভা নির্বাচনের গণনাকে কেন্দ্র করে এবার রাজ্য রাজনীতিতে অভূতপূর্ব স্নায়ুর লড়াই দেখা যাচ্ছে। বৃষ্টির মধ্যে গত বৃহস্পতিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে গিয়েছিলেন শাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রংরুম পরিদর্শনে। আজ সকালে গণনা শুরু হওয়ার আগে পর্যন্ত শাসক দলের এই ‘সতর্কতা’ এবং বিরোধী শিবিরের পালটা চ্যালেঞ্জ—সব মিলিয়ে বাংলার রাজনীতির পারদ এখন ফুটছে। এখন দেখার, ইভিএম খুললে এই ‘ষড়যন্ত্রের’ অভিযোগ জনমতের ঢেউয়ে কোন দিকে মোড় নেয়।

প্রতিবেদক: বর্তমান ঠাকুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *