বিদ্যুৎ আছে কিন্তু নেই জ্বালানি! গ্রাম বাংলার ভয়াবহ লোডশেডিং নিয়ে মুখ খুলল বিদ্যুৎ বোর্ড?

তীব্র গরমের মধ্যে সারাদেশে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছেন সাধারণ মানুষ। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোয় বিদ্যুতের চাহিদা তুঙ্গে উঠলেও জোগান দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। পাওয়ার গ্রিড কো ম্পা নি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, বর্তমানে পিক আওয়ারে লোডশেডিং ১৮০০ মেগাওয়াট ছাড়িয়ে গেছে। দেশের বিভিন্ন প্রান্তে দিনে সাত ঘণ্টা থেকে শুরু করে কোথাও কোথাও ১০ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। বিশেষ করে পল্লী বিদ্যুৎ এলাকার গ্রাহকদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
বিদ্যুৎ সংকটের মূল কারণ হিসেবে জ্বালানি সংকট, গ্যাস সরবরাহ হ্রাস, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি এবং বিদ্যুৎ ও জ্বালানি আমদানিতে বকেয়া প্রায় ৪৫ হাজার কোটি টাকার চাপকে চিহ্নিত করা হয়েছে। ডলার সংকটের কারণে কয়লা ও ফার্নেস অয়েল আমদানিতে বিঘ্ন ঘটায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মো. জহুরুল ইসলাম জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে জ্বালানি বিশেষজ্ঞদের আশঙ্কা, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তীব্র গরমে এই সংকট আরও গভীর হতে পারে।