প্রত্যাবর্তন না পরিবর্তন? ৪ মে-র মহাগণনায় নজরবন্দি বাংলা ও বাকি ৪ রাজ্য

প্রত্যাবর্তন না পরিবর্তন? ৪ মে-র মহাগণনায় নজরবন্দি বাংলা ও বাকি ৪ রাজ্য

বাংলার মসনদে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাটট্রিক পরবর্তী প্রত্যাবর্তন ঘটবে? নাকি দেড় দশক পর নবান্ন দেখবে নতুন কোনও ‘পরিবর্তন’? এই সমস্ত জল্পনার অবসান হতে চলেছে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে ২০২৬ বিধানসভা নির্বাচনের মহাগণনা। বুথফেরত সমীক্ষার ইঙ্গিত বনাম শাসকদলের আত্মবিশ্বাসের লড়াইয়ে দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে আগামী পাঁচ বছর কার হাতে থাকছে পশ্চিমবঙ্গ।

২৯৩ আসনে মহাযুদ্ধ: ম্যাজিক ফিগার ১৪৭

এবারের নির্বাচন মূলত ২৯৪ আসনের হলেও সোমবার গণনা হবে ২৯৩টি কেন্দ্রে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে ‘অনিয়মের’ অভিযোগে ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। সেখানে ২১ মে পুনরায় ভোট এবং ২৪ মে গণনা হবে। ফলে গণনার হিসেবে ম্যাজিক ফিগার বা সরকার গড়ার জাদুসংখ্যা ১৪৮ থেকে কমে দাঁড়িয়েছে ১৪৭-এ। প্রথম দফার ১৬ জেলার ১৫২ আসন এবং দ্বিতীয় দফার ৭ জেলার ১৪২ আসনের ভাগ্যনির্ধারণী দিন আজ।

ভবানীপুরে সম্মুখসমর: মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা

এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত কেন্দ্র দক্ষিণ কলকাতার ভবানীপুর। ২০২১-এর নন্দীগ্রামের ছায়া এবার ভবানীপুরে। তবে এবারের লড়াই আরও ওজনদার, কারণ এখানে মুখোমুখি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রের দিকে তাই নজর থাকছে গোটা দেশের।

বুথফেরত সমীক্ষা বনাম তৃণমূলের দাবি

দ্বিতীয় দফার ভোট শেষ হতেই অধিকাংশ বুথফেরত সমীক্ষা রাজ্যে ‘পরিবর্তন’-এর ইঙ্গিত দিয়েছে। গেরুয়া শিবির যখন সেই ইঙ্গিতকে শিরোধার্য করে জয়ের অপেক্ষায়, তখন তৃণমূলের দাবি— ২০২১ বা ২০২৪ সালের মতোই এবারও ভুল প্রমাণিত হবে সমীক্ষা। তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, দ্বিতীয় দফার পরই তাঁরা ২০০ আসনের গণ্ডি পেরিয়ে গিয়েছেন।

হিংসা রুখতে মরিয়া প্রশাসন ও রাজনৈতিক তরজা

ফল ঘোষণার আগে বড় দুশ্চিন্তার বিষয় হলো ভোট পরবর্তী হিংসা। ২০২১-এর তিক্ত স্মৃতি মাথায় রেখে এবার বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। অন্যদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা আক্রমণ শানিয়ে জানিয়েছেন, যাঁরা ‘উল্টো করে ঝোলানোর’ হুমকি দিয়েছিলেন, তাঁরাই এখন ভয় পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে’ বাজানোর মন্তব্য নিয়েও রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

জাতীয় প্রেক্ষাপট: বামহীন হওয়ার মুখে ভারত?

বাংলার পাশাপাশি সোমবার ভাগ্য পরীক্ষা আসাম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির। জাতীয় রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন— কেরল কি এবার বামহীন হবে? যদি সেখানে ইউডিএফ জয়ী হয়, তবে ১৯৭৭ সালের পর এই প্রথম ভারতের মানচিত্র থেকে মুছে যাবে বাম শাসন। এছাড়াও আসামে হিমন্ত বিশ্বশর্মা এবং তামিলনাড়ুতে এমকে স্ট্যালিনের প্রত্যাবর্তন ঘটবে কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে তুঙ্গে।

প্রতিবেদক: স্বাধীন মানব দাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *