মোদীর সফরের আগেই বেঙ্গালুরুতে কম্পন! কনভয়ের পথেই মিলল জ্যান্ত বিস্ফোরক, আটক ১

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেঙ্গালুরু সফরের ঠিক আগেই এক অভাবনীয় নিরাপত্তা সংকটের মুখে পড়ল কর্নাটক পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলো। প্রধানমন্ত্রীর নির্ধারিত সভাস্থল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে কাগলীপুরার কাছে ফুটপাথ থেকে দুটি জেলাটিন স্টিক উদ্ধার হয়েছে। এই পথ দিয়েই প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার কথা ছিল। রুটিন তল্লাশির সময় বিস্ফোরকগুলো নজরে আসতেই গোটা এলাকায় হুলস্থুল পড়ে যায়।
তদন্তে ফরেনসিক ও বম্ব স্কোয়াড
বিস্ফোরক উদ্ধারের খবর পাওয়া মাত্রই এলাকাটি ঘিরে ফেলে বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। উদ্ধার হওয়া জেলাটিন স্টিকগুলো পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পার্শ্ববর্তী কোনো খনির কাজের জন্য এগুলো সেখানে ছিল নাকি বড় কোনো নাশকতার ছক কষা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
নিরাপত্তা বলয়ে বড়সড় প্রশ্নচিহ্ন
আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে শ্রী শ্রী রবিশঙ্করের প্রতিষ্ঠানের ৪৫ বছর পূর্তি এবং নতুন ধ্যান কক্ষের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হলেও, কনভয় যাওয়ার পথে বিস্ফোরক মেলায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। প্রধানমন্ত্রীর রুটিন তল্লাশিতে থাকা রক্ষীদের চোখ এড়িয়ে কীভাবে জনবহুল রাস্তার ধারে বিস্ফোরক পড়ে থাকল, তা নিয়ে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ত্রুটির আশঙ্কা করা হচ্ছে। পুলিশের অনুমান, আটক সন্দেহভাজনকে জেরা করলেই এই ঘটনার মূল উদ্দেশ্য পরিষ্কার হবে।