ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৫৬১ কোটি টাকা, বদলার আগুনে জ্বলছে ইরান

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও বড়সড় উত্তেজনার পারদ চড়ল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মাথার দাম ৫ কোটি ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৬১ কোটি টাকা ঘোষণা করতে চলেছে ইরান সরকার। দেশটির সংসদ বা মজলিসে এই লক্ষ্যে ‘ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ’ শিরোনামে একটি নতুন বিল পাসের প্রস্তুতি জোরকদমে চলছে। এই বিলটি পাস হলে মার্কিন ও ইসরায়েলি শীর্ষ নেতাদের হত্যাকারীকে বিপুল অঙ্কের এই পুরস্কার মূল্য দেওয়ার আইনি বৈধতা তৈরি হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ইরান ওয়ার’ এবং ব্রিটেনের ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
খামেইনি হত্যার প্রতিশোধের ছক
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বিদেশমন্ত্রকের নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এই বিলটির প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে আমেরিকা ও ইসরায়েলি যৌথ বাহিনীর চালানো হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেইনি নিহত হন। সেই হত্যাকাণ্ডে সরাসরি ভূমিকা রাখার অপরাধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে। মূলত খামেইনি হত্যার চরম প্রতিশোধ হিসেবেই এই বিলটি আনা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের মেঘ
গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েল ও আমেরিকা একযোগে ইরানের উপর হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম অশান্ত হয়ে রয়েছে। যদিও পরবর্তীতে একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হয়েছিল, তবে বর্তমান পরিস্থিতির নিরিখে যেকোনো মুহূর্তে আবারও বড় ধরনের সামরিক সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের এই নজিরবিহীন আইনি পদক্ষেপের ফলে আমেরিকা ও ইসরায়েলের সাথে দেশটির কূটনৈতিক ও সামরিক সংঘাত আরও তীব্র রূপ নিতে পারে, যা সমগ্র অঞ্চলের স্থিতিশীলতাকে পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা রাখে।