১০ বছর পর কাটল জট, স্বচ্ছ ভারত মিশনে যুক্ত হচ্ছে বাংলা

১০ বছর পর কাটল জট, স্বচ্ছ ভারত মিশনে যুক্ত হচ্ছে বাংলা

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে রাজ্য সরকারের অবস্থানে বড়সড়বদল এসেছে। দীর্ঘ ১০ বছর পর এই প্রথম স্বচ্ছ ভারত মিশনের বৈঠকে যোগ দিল বাংলার কোনও প্রতিনিধি। রাজ্যের নতুন শুভেন্দু অধিকারী সরকার কেন্দ্রের একাধিক জনকল্যাণমুখী প্রকল্প রাজ্যে কার্যকর করার যে সিদ্ধান্ত নিয়েছে, তারই ধারাবাহিকতায় এবার স্বচ্ছ ভারত মিশনে যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ। প্রাথমিকভাবে রাজ্যের চারটি গুরুত্বপূর্ণ শহরকে কেন্দ্র করে এই প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে।

চার শহরে পাইলট প্রজেক্ট ও ২০০ কোটির বরাদ্দ

মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টারের উপস্থিতিতে স্বচ্ছ ভারত মিশন সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলার পক্ষে প্রতিনিধিত্ব করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল। বৈঠক শেষে তিনি জানান, পূর্ববর্তী সরকারের আমলে এই প্রকল্পে আশানুরূপ কাজ করা সম্ভব হয়নি এবং বরাদ্দের মাত্র ১৬ শতাংশ টাকা খরচ হয়েছিল। তবে এবার নতুন উদ্যোগে কাজ শুরু হচ্ছে। প্রাথমিকভাবে আসানসোল, দুর্গাপুর, কালিম্পং এবং দার্জিলিং— এই চার শহরে স্বচ্ছ ভারত মিশনের অধীনে পাইলট প্রজেক্ট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রজেক্টের জন্য প্রায় ২০০ কোটি টাকার কেন্দ্রীয় বরাদ্দ পাওয়া যাচ্ছে এবং আগামী দিনে কাজের অগ্রগতি অনুযায়ী আরও আর্থিক সহায়তার আশ্বাস মিলেছে।

পরিচ্ছন্নতা ও প্লাস্টিকমুক্তকরণের লক্ষ্য

এই প্রকল্পের মূল উদ্দেশ্য কেবল প্রধান সড়কগুলির ভোলবদল নয়, বরং শহরের প্রতিটি অলিগলির অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা নিশ্চিত করা। প্রাথমিকভাবে নির্বাচিত চার শহরকে সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণের ওপর জোর দিয়ে মন্ত্রী জানান, সংগৃহীত ময়লা-আবর্জনাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হবে। এছাড়া, নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতার মানসিকতা গড়ে তুলতে স্কুলস্তরের পাঠ্যক্রমে স্বচ্ছ ভারত মিশনকে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দেওয়া হয়েছে। মে মাসের শেষেই সামগ্রিক পরিস্থিতি ও কাজের রূপরেখা খতিয়ে দেখতে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টার বাংলা সফরে আসছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *