চাপ এলেও কেউ পদত্যাগ করবেন না! কালীঘাটের বৈঠক থেকে কাউন্সিলরদের প্রতিরোধের মন্ত্র মমতার

চাপ এলেও কেউ পদত্যাগ করবেন না! কালীঘাটের বৈঠক থেকে কাউন্সিলরদের প্রতিরোধের মন্ত্র মমতার

কলকাতা পুরসভাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনার আবহে দলীয় কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত জনপ্রতিনিধিদের স্পষ্ট বার্তা দিয়ে তিনি জানান, কোনো পরিস্থিতিতেই কেউ পদত্যাগ করবেন না। রাজনৈতিক চাপ বা আইনি জটিলতা তৈরি হলে দল আইনি পথেই পাশে থেকে লড়াই করবে। কলকাতা পুরসভার ১৩৭ জন কাউন্সিলরের মধ্যে প্রায় ১১০ জন এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন।

তালা-বিতর্কে ক্ষুব্ধ নেত্রী, ডোরিনা ক্রসিংয়ে ধর্নার ডাক

শুক্রবার সকালে কলকাতা পুরসভায় নির্ধারিত মাসিক অধিবেশনের দিন মূল সভাকক্ষের দরজায় তালা ঝুলতে দেখে তীব্র ক্ষোভ ছড়ায়। ভিতরে ঢুকতে না পেরে শেষ পর্যন্ত বিকল্প একটি ঘরে চেয়ারপার্সন মালা রায় ও মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে সভা করতে বাধ্য হন তৃণমূল কাউন্সিলররা। এই ঘটনাকে সম্পূর্ণ ‘বেআইনি’ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার প্রতিবাদে ডোরিনা ক্রসিংয়ে ধর্না কর্মসূচির ডাক দিয়ে তিনি স্পষ্ট জানান, পুলিশ মামলা দিলে দল আইনজীবী দিয়ে সেই লড়াই লড়বে।

নোটিস আতঙ্ক ও পদত্যাগ প্রসঙ্গে কড়া বার্তা

সাম্প্রতিক সময়ে বাড়ি বাড়ি নোটিস পাঠানো এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত নোটিস ঘিরে তৈরি হওয়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। তিনি জানান, নির্দিষ্ট আইনগত প্রক্রিয়া ও অভিযোগ প্রমাণ ছাড়া শুধুমাত্র নোটিস পাঠিয়ে কোনো বাড়ি ভাঙা যায় না। বৈঠকে ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাসের পদত্যাগ এবং আজান সংক্রান্ত একটি ঘটনায় এফআইআর না করায় কাউন্সিলর সানা আহমেদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নেত্রী। একইসঙ্গে আগামী সাত দিনের মধ্যে নতুন বরো চেয়ারম্যান ঠিক করার নির্দেশ দেন তিনি।

মানুষই শেষ কথা বলবে, বার্তা অভিষেকের

বৈঠকে উপস্থিত কাউন্সিলরদের উদ্দেশে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আত্মবিশ্বাস জোগানোর চেষ্টা করেন। তিনি মনে করিয়ে দেন, মানুষ তাঁদের পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছে, তাই নিজেদের কাজ করে যেতে হবে। জনপ্রতিনিধিদের পদে থাকা না থাকা মানুষ ঠিক করবে, বিজেপি নয়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রশাসনিক চাপ, পুরসভা বিতর্ক এবং আইনি নোটিসের আবহে তৃণমূল নেতৃত্ব এখন রক্ষণাত্মক অবস্থান ছেড়ে স্পষ্টতই পাল্টা প্রতিরোধের রাস্তায় হাঁটছে। শুক্রবারের কালীঘাট বৈঠক থেকে দেওয়া কড়া বার্তা সেই রাজনৈতিক লড়াইকেই আরও জোরালো করে তুলল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *