গণনা প্রক্রিয়ায় গুরুতর অসঙ্গতি! ফলতার ভরাডুবির পর মেগা কারচুপির বিস্ফোরক অভিযোগ অভিষেকের

গণনা প্রক্রিয়ায় গুরুতর অসঙ্গতি! ফলতার ভরাডুবির পর মেগা কারচুপির বিস্ফোরক অভিযোগ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: ফলতা বিধানসভা পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নজিরবিহীন ভরাডুবি এবং প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার পর এবার ভোট গণনা প্রক্রিয়া নিয়ে মারাত্মক কারচুপির অভিযোগ তুললেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন পর্বের প্রচারে নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় একবারের জন্যও তাঁকে দেখা না গেলেও, ফল প্রকাশের পর গণনা-প্রক্রিয়ার ‘অসঙ্গতি’ নিয়ে এবার সরাসরি নির্বাচন কমিশন ও প্রতিপক্ষকে নিশানা করলেন তিনি।

প্রচারে গরহাজির, ফলাফলের পর বিস্ফোরক

রাজনৈতিক মহলের নজর ছিল, ফলতার নির্বাচনী বিপর্যয়ের পর ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড কী প্রতিক্রিয়া দেন। ফলতার ফল স্পষ্ট হতেই গণনা প্রক্রিয়ার গতি ও পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন অভিষেক। তিনি স্পষ্ট দাবি করেছেন, এই গণনার পেছনে এক গভীর ষড়যন্ত্র ও গুরুতর অসঙ্গতি রয়েছে।

‘দুপুর সাড়ে ৩টের মধ্যেই ২১ রাউন্ড শেষ কী করে?’

গণনা প্রক্রিয়ার সময়সীমা নিয়ে পরিসংখ্যান তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ফলতার গণনা প্রক্রিয়ায় অত্যন্ত গুরুতর অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। দুপুর সাড়ে ৩টের মধ্যেই এক ধাক্কায় ২১ রাউন্ডের গণনা শেষ করে দেওয়া হলো! অথচ, গত ৪ মে যখন ভোট গণনা হয়েছিল, তখন একই সময় অর্থাৎ দুপুর সাড়ে ৩টে পর্যন্ত মাত্র ২ থেকে ৪টি রাউন্ডের গণনা সম্পন্ন করা সম্ভব হয়েছিল।”

তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, যেখানে সাধারণ নিয়মে একটি রাউন্ডের গণনা এবং তার তথ্য আপলোড করতে নির্দিষ্ট সময় লাগে, সেখানে কোন জাদুবলে বা কার নির্দেশে এত দ্রুত ২১ রাউন্ডের গণনা শেষ করে বিজেপি প্রার্থীকে জয়ী ঘোষণা করা হলো? অভিষেকের এই বিস্ফোরক বয়ানের পর রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল এই গণনার বিরুদ্ধে আইনি পথে হাঁটে কি না, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *