ঋণের জালে জর্জরিত মহামেডান! ক্লাব বাঁচাতে নওশাদ-হুমায়ুনের দ্বারস্থ কর্তারা

ঋণের জালে জর্জরিত মহামেডান! ক্লাব বাঁচাতে নওশাদ-হুমায়ুনের দ্বারস্থ কর্তারা

নিজস্ব প্রতিনিধি: প্রায় ১৩ কোটি টাকার বিপুল দেনায় ডুবে রয়েছে কলকাতার ঐতিহ্যবাহী ও শতাব্দীপ্রাচীন ক্লাব মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting Club)। এই চরম আর্থিক সংকটের জেরে আসন্ন নতুন মরশুমের দল গঠন করাই এখন ক্লাব কর্তাদের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন পরিস্থিতি থেকে ক্লাবকে টেনে তুলতে এবার রাজ্যের দুই প্রভাবশালী বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং হুমায়ুন কবীরের দ্বারস্থ হলেন মহামেডান কর্তারা।

সোশ্যাল মিডিয়ার বার্তা দেখেই নওশাদকে চিঠি

ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট কামারুদ্দিন এবং সচিব ইস্তিয়াক আহমেদ যৌথভাবে এই সংকটের কথা জানিয়ে দুই বিধায়কের কাছে সাহায্য চেয়েছেন। ক্লাব কর্তারা জানান, “আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেছেন, তিনি প্রয়োজনে ক্লাবের জন্য বড় স্পনসর এনে দিতে পারেন। ক্লাবের এই দুর্দিনে আমরা তাঁর সেই সদিচ্ছাকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছি।” শতবর্ষ প্রাচীন এই ক্লাবের অস্তিত্ব রক্ষায় নওশাদ যাতে দ্রুত স্পনসরের ব্যবস্থা করেন, সেই অনুরোধ করা হয়েছে।

হুমায়ুন কবীরকে ক্লাব প্রশাসনে আসার আমন্ত্রণ

নওশাদ সিদ্দিকির পাশাপাশি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকেও ক্লাবের পাশে দাঁড়ানোর আর্জি জানানো হয়েছে। শুধু আর্থিক সাহায্য বা স্পনসরই নয়, হুমায়ুন কবীরকে সরাসরি মহামেডানের ক্লাব প্রশাসনে এসে দায়িত্ব নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন কর্তারা।

আর্থিক অনটনের কারণে সাদা-কালো শিবিরের ভবিষ্যৎ যখন ক্রমশ অন্ধকারের দিকে যাচ্ছে, তখন দুই ভিন্ন রাজনৈতিক শিবিরের বিধায়কের কাছে ক্লাবের এই আকুল আবেদন ক্রীড়ামহলে বেশ সাড়া ফেলে দিয়েছে। ময়দানের এই ঐতিহ্যবাহী ক্লাবকে বাঁচাতে দুই বিধায়ক এবার কী ভূমিকা নেন, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *