শাহরুখের কিং ছবিতে দীপিকার পর এবার রণবীর সিংয়ের ধামাকা এন্ট্রি

বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত মেগাবাজেট সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের উন্মাদনা দীর্ঘদিনের। এবার সেই উন্মাদনার পারদ আরও বাড়িয়ে ছবিতে যুক্ত হলেন অভিনেতা রণবীর সিং। সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ারের মন্দা কাটানো এই তারকা এবার শাহরুখের ছবিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করতে চলেছেন। ফলে মায়ানগরীতে এখন খান, পাড়ুকোন ও সিং পরিবারের এই ত্রিমুখী সমীকরণ নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে।
চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘কিং’ সিনেমায় স্ত্রী দীপিকা পাড়ুকোনের শুটিং সঙ্গী হিসেবে মেয়ে দুয়াকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন রণবীর সিং। সেখানে শাহরুখ ও দীপিকার রোম্যান্টিক শটের শুটিং চলাকালীনই রণবীরের কাছে একটি ক্যামিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব যায় এবং তিনি তা লুফে নেন। এর আগে এই বিগ বাজেট ছবিতে অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, সুহানা খান, আরশাদ ওয়ারসি এবং অনিল কাপুরের মতো তারকাদের উপস্থিতির কথা জানা গিয়েছিল। এবার সেই তালিকায় নবতম সংযোজন হিসেবে যুক্ত হলেন রণবীর।
কাহিনীর মোড় ঘোরাবেন রণবীর
সিনেমার গল্পে রণবীরের চরিত্রটি বেশ রহস্যময় এবং এর সঙ্গে শাহরুখকন্যা সুহানা খানের চরিত্রের গভীর সংযোগ রয়েছে। জানা গেছে, ছবিতে এমন একটি গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে যেখানে সুহানার হাতে একটি অত্যন্ত গোপন নথিপত্র তুলে দেবেন রণবীর। এই নথিটিই সুহানার চরিত্রের মূল চালিকাশক্তি বা ‘প্রাণভোমরা’ হিসেবে কাজ করবে, যা তাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করবে। পর্দায় রণবীরকে সুহানার ‘মুশকিল আসান’ বা এক প্রকার রক্ষাকর্তা হিসেবে দেখা যাবে বলে আভাস পাওয়া গেছে।
বক্স অফিসে বড় ধামাকার আভাস
দক্ষিণ আফ্রিকার সমুদ্রতটে শাহরুখ-দীপিকার রোম্যান্টিক দৃশ্য ধারণের ছবি আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। এবার দীপিকার পাশাপাশি রণবীরের অন্তর্ভুক্তিতে সিনেমাটির বাণিজ্যিক আকর্ষণ বহুগুণ বেড়ে গেল বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও, এই তারকাখচিত কাস্টিং ও চমকপ্রদ গল্প বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।