তীব্র দহনজ্বালা থেকে অবশেষে মুক্তি, কাল থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব

তীব্র দহনজ্বালা থেকে অবশেষে মুক্তি, কাল থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব

মে মাসের টানা তীব্র গরমে গত দুই সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গজুড়ে কার্যত নাভিশ্বাস অবস্থা তৈরি হয়েছিল। মাস শেষ হতে চললেও বৃষ্টির দেখা না মেলায় সাধারণ মানুষের অস্বস্তি চরম পর্যায়ে পৌঁছায়। তবে অবশেষে রাজ্যবাসীকে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া আমূল বদলে যেতে চলেছে। কমবে গরমের তীব্রতা এবং বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের জন্যও বিশেষ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দাপট দেখা যাবে। এই সময়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ধেয়ে আসতে পারে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টি এবং প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আজ মঙ্গলবার থেকেই বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদসহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বাকি জেলাগুলিতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আংশিক মেঘলা আকাশ ও দমকা হাওয়ার কারণে গরমের অস্বস্তি কিছুটা কমবে।

সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা

আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলবর্তী সমুদ্রপৃষ্ঠে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রের ভেতরে ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল থাকবে। উদ্ভূত পরিস্থিতির কারণে বৃহস্পতিবার ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অন্যদিতে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার চিত্রটি কিছুটা ভিন্ন। আগামী ৪৮ ঘণ্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত বজায় থাকলেও, বুধবার থেকে সেখানে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। তবে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *