টিফিনে সয়াবিন ও ডাল রাখলেই কমবে উচ্চ রক্তচাপের ঝুঁকি, বলছে নতুন গবেষণা

আজকের ব্যস্ত জীবনে ‘হাইপারটেনশন’ বা উচ্চ রক্তচাপ এক মারাত্মক বিশ্বজনীন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে প্রায় ১৪০ কোটি মানুষ এই সাইলেন্ট কিলারের শিকার, যার হাত ধরে শরীরে বাসা বাঁধছে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা কিডনির মতো মারাত্মক রোগ। তবে সম্প্রতি ‘BMJ Nutrition, Prevention & Health’ জার্নালে প্রকাশিত একটি ‘সিস্টেমেটিক রিভিউ ও মেটা-অ্যানালিসিস’ আমাদের রোজকার ডায়েট নিয়ে এক দারুণ আশার আলো দেখিয়েছে। গবেষণা অনুযায়ী, প্রতিদিনের খাদ্যতালিকায় সয়াবিন এবং বিভিন্ন ধরনের ডালজাতীয় খাবার রাখলে উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটাই কমে যায়।
ঝুঁকি হ্রাসের পরিসংখ্যান ও সঠিক পরিমাণ
‘প্ল্যান্ট-বেসড হেলথ প্রফেশনালস ইউকে’ এবং লন্ডনের ‘ইম্পেরিয়াল কলেজ’-এর গবেষকরা আমেরিকা, এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশের হাজার হাজার মানুষের ওপর করা ১১টি পূর্ববর্তী গবেষণার তথ্য খতিয়ে দেখে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। দীর্ঘ পর্যবেক্ষণের পর দেখা গেছে, যাঁরা নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ডাল ও সয়া জাতীয় খাবার খান, তাঁদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের ঝুঁকি যথাক্রমে ১৬% এবং ১৮% কমে যায়। পরিমাণভিত্তিক হিসেবে, প্রতিদিন প্রতি ১০০ গ্রাম অতিরিক্ত ডালজাতীয় খাবার খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি ১২% এবং প্রতি ১০০ গ্রাম অতিরিক্ত সয়াবিন জাতীয় খাবার খেলে ঝুঁকি কমে প্রায় ২৪%!
দৈনিক অনূর্ধ্ব ১৭০ গ্রাম ডালজাতীয় খাবার (যেমন ছোলা, রাজমা, মুসর বা তরকার ডাল) খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে প্রায় ৩০%। অন্যদিকে, দৈনিক ৬০ থেকে ৮০ গ্রাম সয়া খাবার (যেমন সয়াবিন, তফু, এদামামে) খেলে এই ঝুঁকি কমে প্রায় ২৮ থেকে ২৯%। ১০০ গ্রাম ডাল বা সয়া বলতে বোঝায় সাধারণ কাপের ১ কাপ বা ৫-৬ টেবিল চামচ রান্না করা খাবার। তবে সয়াবিনের ক্ষেত্রে ৮০ গ্রামের বেশি খেলে বাড়তি কোনো সুবিধা মিলবে না বলে গবেষকরা জানিয়েছেন।
রক্তচাপ নিয়ন্ত্রণে ডাল ও সয়ার কার্যকারিতা
চিকিৎসক ও পুষ্টিবিজ্ঞানীদের মতে, ডাল এবং সয়াবিনের বিশেষ কিছু গুণ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সরাসরি সাহায্য করে। এগুলিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে, যা রক্তনালীকে শিথিল রাখতে সাহায্য করে। উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি শরীরের মেদ বা স্থূলতা কমায়, যা উচ্চ রক্তচাপের অন্যতম প্রধান কারণ। এছাড়া, সয়া ও ডালের দ্রবণীয় ফাইবার হজম হওয়ার সময় শরীরের ভেতর এক ধরনের উপকারী শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যা রক্তনালী প্রসারিত করে রক্তচাপ কমিয়ে দেয়।
গবেষকদের মতে, এই খাবারগুলি যেমন সস্তা, তেমনই সহজে পাওয়া যায়। দুপুরের টিফিনে একটু সেদ্ধ বিনস, কিংবা রাতে রুটির সাথে এক বাটি ছোলার ডাল বা সয়াবিনের তরকারির মতো সামান্য বদল মানুষকে দীর্ঘমেয়াদী রোগের হাত থেকে বাঁচাতে পারে। ল্যানসেট কমিশনের নির্দেশিকা অনুযায়ী, সুস্থ ও পরিবেশবান্ধব জীবনযাত্রার জন্য দৈনিক অন্তত ৭৫ গ্রাম ডালজাতীয় খাবার খাওয়া উচিত। হার্ট ভালো রাখতে ও উচ্চ রক্তচাপের ঝুঁকি এড়াতে প্রতিদিনের টিফিন বক্সে পুষ্টিকর ডাল ও সয়াবিনের পদ যুক্ত করা অত্যন্ত কার্যকর প্রমাণিত হতে পারে।