প্রত্যাখ্যাত হয়ে চরম প্রতিশোধ, তরুণী ও তাঁর মায়ের কৃত্রিম নগ্ন ছবি ভাইরাল করে ধৃত ‘সংস্কারি’ যুবক

প্রেমের প্রস্তাবে সম্মতি না দেওয়ায় এক তরুণী ও তাঁর মায়ের কৃত্রিম নগ্ন ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লির বাসিন্দা ওই যুবকের নাম সুমিত নেমচাঁদ শর্মা। অনলাইনে ধর্মীয় ভিডিও তৈরি ও শেয়ার করার সূত্রে গুজরাটের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর প্রতিশোধ নিতেই অভিযুক্ত এই ঘৃণ্য পথ বেছে নেয় বলে জানা গেছে। আহমেদাবাদের সাইবার অপরাধ দমন শাখা তদন্ত চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
ডিজিটাল আলাপ থেকে সাইবার হেনস্থা
তদন্তকারী সূত্রে জানা গেছে, অনলাইনে ধর্মীয় বিষয়ে আলোচনার মাধ্যমে তরুণীর সঙ্গে সুমিতের পরিচয় হয়। পরবর্তীতে সুমিত ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব দিলে তরুণী তা সরাসরি প্রত্যাখ্যান করেন। এর পর থেকেই সুমিত ওই তরুণীকে হেনস্থা করার পরিকল্পনা করে। গত ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তরুণীকে লাগাতার অনুসরণ করে তাঁর ও তাঁর মায়ের বিভিন্ন ছবি ডাউনলোড করে সুমিত। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির অপব্যবহার করে পোশাকহীন শতাধিক আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করে সে। পরে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এক্স হ্যান্ডলে আটটি ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেগুলি ছড়িয়ে দেয়।
প্রযুক্তি ও আইনের মুখোমুখি অপরাধী
বিষয়টি নজরে আসার পরপরই আক্রান্ত তরুণী আহমেদাবাদ সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ হন। মে মাসের প্রথম সপ্তাহে এফআইআর দায়ের হওয়ার পর পুলিশ তদন্তে নেমে দিল্লির ওই যুবকের সন্ধান পায় এবং তাঁকে গ্রেপ্তার করে। ধৃত সুমিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এআই প্রযুক্তির এমন অপব্যবহার এবং ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে সাইবার হেনস্থার ঘটনা সামাজিক মাধ্যমে ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।