সুপ্রিম কোর্টে জমে থাকা ৮০০ মামলার দ্রুত নিষ্পত্তি! প্রধান বিচারপতির যুগান্তকারী পদক্ষেপ

দেশের শীর্ষ আদালতে জমে থাকা পুরনো দেওয়ানি ও ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রায় ৮০০টি মামলা চিহ্নিত করে তা দ্রুত মেটানোর জন্য সুপ্রিম কোর্টে চারটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। গ্রীষ্মকালীন ছুটির পর শীর্ষ আদালত পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরলেই, অর্থাৎ ১৩ জুলাই থেকে এই বিশেষ বেঞ্চগুলি কাজ শুরু করবে।
প্রধান বিচারপতি জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা সুদৃঢ় করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বিচারপতি পি কে মিশ্র ও এস ভি এন ভাট্টির নেতৃত্বাধীন দু’টি ডিভিশন বেঞ্চ শুধুমাত্র পুরনো দেওয়ানি মামলাগুলির শুনানি করবে। অন্যদিকে, বিচারপতি মনোজ মিশ্র এবং উজ্জ্বল ভুঁইয়ার নেতৃত্বাধীন বাকি দু’টি বেঞ্চ পুরনো ফৌজদারি মামলাগুলি শুনবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই শুনানি চলবে।