৩০ দিন জেলে থাকলে কি হারাতে হবে প্রধানমন্ত্রীর গদি, বড় সিদ্ধান্ত নিল সংসদীয় কমিটি
/indian-express-bangla/media/media_files/2026/01/18/pm-modi-singur-rally-live-2026-01-18-08-32-01.jpg?w=640&resize=640,360&ssl=1)
ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের টানা ৩০ দিন হেফাজতে থাকলে পদ থেকে অপসারণের বিতর্কিত বিলে সায় দিল না যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)। আগামী সপ্তাহে সংসদে জমা পড়তে চলা রিপোর্টে ‘অপসারণ’ শব্দের পরিবর্তে ‘সাসপেন্ড’ বা সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেছে কমিটি। তবে সংশ্লিষ্ট ব্যক্তি বেকসুর খালাস পেলে এই সাসপেনশন প্রত্যাহারের কথাও বলা হয়েছে। জেপিসির মতে, যে অপরাধে ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে, সেগুলিকেই ‘গুরুতর অপরাধ’ হিসেবে গণ্য করা হবে।
গত বছর বাদল অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেশ করা এই বিলটির তীব্র বিরোধিতা করেছিল কংগ্রেস ও তৃণমূলসহ বিরোধী শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় একে ভারতের গণতান্ত্রিক কাঠামো ভাঙার চেষ্টা বলে তোপ দেগেছিলেন। বিরোধিতার মুখে বিলটি পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়। অবশেষে চূড়ান্ত রিপোর্টে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনেরও সুপারিশ জানিয়েছে জেপিসি।