ভারতে বিশ্বকাপ সম্প্রচারের জল্পনার অবসান, স্বত্ব পেল জি নেটওয়ার্ক

ভারতে বিশ্বকাপ সম্প্রচারের জল্পনার অবসান, স্বত্ব পেল জি নেটওয়ার্ক

আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা, তার আগেই ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য চলে এল এক স্বস্তির খবর। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ভারতে সরকারি সম্প্রচারকারী সংস্থার নাম ঘোষণা করা হয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করেছে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড (ZEEL)। এই চুক্তির আওতায় ২০২৬ ফিফা বিশ্বকাপ, ২০২৭ ফিফা মহিলা বিশ্বকাপ এবং ২০৩০ ফিফা বিশ্বকাপসহ মোট ৩৯টি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার সম্প্রচার স্বত্ব পেয়েছে এই সংস্থা।

জি-র নতুন স্পোর্টস চ্যানেল নেটওয়ার্ক ‘Unite8 Sports’-এর বিভিন্ন চ্যানেলে ম্যাচগুলি সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘Zee5’-এও দর্শকরা ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন। এই চুক্তির আর্থিক মূল্য সরকারিভাবে প্রকাশ না করা হলেও শিল্প মহলের অনুমান, এর মূল্য প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার।

চুক্তির কারণ ও পটভূমি

বিশ্বের অন্যতম বৃহৎ বাজার হওয়া সত্ত্বেও ভারতের মতো ফুটবল আবেগপ্রবণ দেশে সম্প্রচারকারী সংস্থা চূড়ান্ত করতে ফিফাকে বেশ বেগ পেতে হয়েছে। শুরুতে ফিফা প্রায় ১০০ মিলিয়ন ডলার দাবি করলেও পূর্ববর্তী ২০২২ কাতার বিশ্বকাপের অভিজ্ঞতার কারণে সম্প্রচারকারীরা সতর্ক ছিল। কাতার বিশ্বকাপের স্বত্ব চড়া দামে কেনা হলেও বিজ্ঞাপন থেকে সেই বিনিয়োগের অর্ধেকও ফেরত আসেনি। ফলে ফিফার প্রাথমিক মূল্যকে অনেক সংস্থাই লাভজনক মনে করেনি। শেষ পর্যন্ত জি-র সাথে ফিফার এই চুক্তি ভারতীয় বাজারে ফুটবলের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেছে ফিফা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন ও সময়সূচির সম্ভাব্য প্রভাব

স্বত্ব মিললেও জি-র সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ম্যাচের সময়সূচি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত ২০২৬ বিশ্বকাপের মোট ১০৪টি ম্যাচের প্রায় ৯০ শতাংশই ভারতীয় সময় মধ্যরাত থেকে ভোর ৬টার মধ্যে অনুষ্ঠিত হবে। ভারতীয় দল এই টুর্নামেন্টে অংশ না নেওয়ায় এবং আসাময়ের খেলা হওয়ায় দর্শকদের পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের আকর্ষণ করা কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় থাকছে। তবে দীর্ঘমেয়াদি এই বড় বিনিয়োগ ভারতের ক্রীড়া সম্প্রচার শিল্পে জি-র অবস্থানকে আরও শক্তিশালী করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *