টানা দ্বিতীয়বার ট্রফি জয়, তবুও নীরব বেঙ্গালুরু! বিজয়োৎসব বাতিল করল আরসিবি

টানা দ্বিতীয়বার ট্রফি জয়, তবুও নীরব বেঙ্গালুরু! বিজয়োৎসব বাতিল করল আরসিবি

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিরাট কোহলির উইনিং শটের সাথে সাথেই ইতিহাস গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা দ্বিতীয়বারের মতো আইপিএল ট্রফি ঘরে তুলেছে তারা। কিন্তু এমন অবিস্মরণীয় সাফল্যের পরও উৎসবের আলোয় ভাসছে না বেঙ্গালুরু। কোনো রকম বিজয় শোভাযাত্রা বা বড় ধরনের উদযাপনে না যাওয়ার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। সমর্থকদের প্রতি ফ্র্যাঞ্চাইজির স্পষ্ট বার্তা, আপনারা নিরাপদ থেকে বাড়িতেই সেলিব্রেট করুন।

অতীতের ক্ষত ও নিরাপত্তার কড়াকড়ি

এই উৎসব বাতিলের নেপথ্যে রয়েছে বিগত বছরের এক ভয়াবহ ট্র্যাজেডি। ২০২৫ সালে দীর্ঘ ১৭ বছরের খরা কাটিয়ে যখন আরসিবি প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল, তখন চিন্নাস্বামী স্টেডিয়ামের বিজয়োৎসবে হুড়োহুড়িতে ১১ জন সমর্থক প্রাণ হারান এবং আহত হন অর্ধশতাধিক মানুষ। পাঁচ হাজার নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও সেই বিপর্যয় এড়ানো যায়নি। অতীতের সেই মরণফাঁদ থেকে শিক্ষা নিয়ে এবার আর কোনো ঝুঁকি নিতে চাইছে না ম্যানেজমেন্ট।

প্রশাসনিক জটিলতা ও সময়স্বল্পতা

সোমবার ট্রফি নিয়ে দল বেঙ্গালুরুতে পৌঁছালেও রাতারাতি এত বড় উৎসবের আয়োজন করা আইনশৃঙ্খলার দিক থেকে ঝুঁকিপূর্ণ ছিল। অন্যদিকে, আগামী বুধবার লোকভবনে মুখ্যমন্ত্রী হিসেবে ডিকে শিবকুমারের শপথগ্রহণ অনুষ্ঠান থাকায় শহরজুড়ে ব্যাপক পুলিশি ব্যস্ততা থাকবে। ফলে ওইদিন প্রশাসনের তরফ থেকে উৎসবের অনুমতি মেলা আসাম্ভব। আবার বৃহস্পতিবারের মধ্যেই ক্রিকেটাররা নিজ নিজ গন্তব্যে রওনা হয়ে যাবেন। সব মিলিয়ে এবার আরসিবি ভক্তদের ট্রফি জয়ের আনন্দ ঘরে বসেই উপভোগ করতে হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *