সুরাটের কারখানায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে মৃত্যু ৪ শ্রমিকের

গুজরাটের সুরাটে অশ্বিনী কুমার এলাকার একটি কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রবিবার কারখানার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই ট্যাঙ্কে গয়না পরিষ্কারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক বর্জ্য জমা রাখা হতো। প্রতি দু’মাস অন্তর নিয়মমাফিক তা পরিষ্কার করা হলেও, এবারের ঘটনায় বড়সড় বিপত্তি ঘটল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে চার শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
নিরাপত্তাবিধিতে চরম গাফিলতির অভিযোগ
প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের সুরক্ষার ক্ষেত্রে যথাযথ বিধি পালন করেনি। ট্যাঙ্কে নামার সময় শ্রমিকদের কাছে কোনো ধরনের সুরক্ষা সরঞ্জাম ছিল না বলেই জানা গিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করেছে। কারখানার সুপারভাইজারের বয়ান রেকর্ড করার পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিকদের মৃত্যুর কারণ নিশ্চিত করতে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ ও দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।