দিঘার মন্দিরে আর ‘ধাম’ নয়! নাম বদলের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

দিঘার মন্দিরে আর ‘ধাম’ নয়! নাম বদলের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ প্রত্যাহারের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

দিঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘদিনের বিতর্কিত নামকরণ অবশেষে পরিবর্তনের সিদ্ধান্ত নিল বর্তমান রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে, দিঘার মন্দিরের নাম থেকে ‘ধাম’ শব্দটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হচ্ছে। এখন থেকে এই তীর্থস্থানটি ‘শ্রীশ্রী জগন্নাথ মন্দির সাংস্কৃতিক কেন্দ্র’ হিসেবে পরিচিত হবে।

নাম পরিবর্তনের নেপথ্যে ওডিশা সরকারের আপত্তি

দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠেছিল, সনাতন সংস্কৃতি ও ধর্মীয় মাহাত্ম্য অনুযায়ী ‘জগন্নাথ ধাম’ কেবল পুরীর ক্ষেত্রেই প্রযোজ্য। তবুও পূর্বতন তৃণমূল সরকার দিঘার মন্দিরের সঙ্গে ‘ধাম’ শব্দটি যুক্ত রেখেছিল, যা নিয়ে ওডিশা সরকারের প্রবল আপত্তি ছিল। গত বছর ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে এই শব্দ প্রত্যাহারের অনুরোধ জানালেও তাতে কর্ণপাত করা হয়নি। পালাবদলের পর ওডিশার মুখ্যমন্ত্রী পুনরায় একই আর্জি জানিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠান।

নবান্নে বৈঠকের সিদ্ধান্ত

মঙ্গলবার নবান্নে পুরীর সাংসদ সম্বিত পাত্র ও মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সম্বিত পাত্র সনাতন সংস্কৃতির মাহাত্ম্য ও চারটি ধামের গুরুত্ব তুলে ধরে নতুন সরকারের কাছে এই পরিবর্তনের আবেদন জানান। তিনি অভিযোগ করেন যে, আগের সরকার বিষয়টি জেনেও ভক্তদের আবেগকে গুরুত্ব দেয়নি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দাবি মেনে নিয়ে বলেন, ‘দিঘায় ধাম শব্দটি সনাতন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ এর পরেই নথিপত্রে নাম পরিবর্তনের নির্দেশ দেন তিনি। তবে মন্দিরের আচার-অনুষ্ঠান, পুজো-পাঠ ও ভজন পূর্বের নিয়ম মেনেই চলবে বলে তিনি আশ্বস্ত করেছেন। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের বিতর্কিত অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *