এবার দেশেই তৈরি হবে বিমান, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতিবেদন: দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন নরেন্দ্র মোদী। বুধবার, ১০ জুন, ২০২৬, দেশের ইতিহাসে দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নজির গড়লেন তিনি। জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙে টানা ৪৩৯৯ দিন প্রধানমন্ত্রীর আসনে থেকে এই অনন্য রেকর্ড গড়েছেন মোদী। এই ঐতিহাসিক দিনেই দেশবাসীর উদ্দেশে একগুচ্ছ বড় ঘোষণা করলেন তিনি।
‘মেড ইন ইন্ডিয়া’ বিমান: নিজের ভাষণে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে বিমান তৈরির ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন, এনডিএ সরকারের বর্তমান লক্ষ্য হলো ‘মেড ইন ইন্ডিয়া’ বিমান তৈরি করা। এতদিন ভারত মূলত বিদেশ থেকে বিমান আমদানি করত, তবে এবার দেশের মাটিতেই আকাশযান তৈরির পথে হাঁটবে ভারত। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে দেশের প্রতিরক্ষা ও অ্যারোস্পেস শিল্পের জন্য বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রাজ্য ও দেশের উন্নয়ন: এই ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রী ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর বার্তা দিয়ে বলেন, “রাজ্য এগোলেই দেশ এগোবে।” সেই লক্ষ্যে তিনি মুখ্যমন্ত্রীদের বিশেষ টাস্ক দিয়েছেন। কোন রাজ্যে কতটা উন্নতি হচ্ছে, তা সরাসরি তদারকি করা হবে।
জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এত দীর্ঘ সময় ধরে মাতৃভূমি ভারতের সেবা করার সৌভাগ্য লাভ কেবল ঈশ্বরের কৃপাতেই সম্ভব। আমার কাছে জনগণই ঈশ্বরের প্রতিমূর্তি।” টানা এতগুলো বছর দেশের প্রধান সেবকের দায়িত্ব পালন করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান বলেও উল্লেখ করেন। নেহরুর রেকর্ড ভাঙার এই বিরল মুহূর্তের পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে।