মেসি-কাণ্ডে অরূপের রক্ষাকবচকে চ্যালেঞ্জ! সুপ্রিম কোর্টের পথে শতদ্রু দত্ত

প্রতিবেদন: লিওনেল মেসি-কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক রক্ষাকবচ পেয়েছেন অরূপ বিশ্বাস। কিন্তু উচ্চ আদালতের এই রায় মেনে নিতে নারাজ গত বছর যুবভারতীতে আয়োজিত সেই বিতর্কিত মেসি ইভেন্টের উদ্যোক্তা শতদ্রু দত্ত। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন তিনি।
নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শতদ্রু দত্ত স্পষ্ট লিখেছেন, “আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি। দেশের বিচারব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে।”
উল্লেখ্য, গত বছর লিওনেল মেসির কলকাতা সফর এবং সেই সম্পর্কিত আর্থিক লেনদেন ও প্রতারণার অভিযোগে এর আগে শতদ্রু দত্তকে জেল খাটতে হয়েছিল। সেই একই মামলায় অভিযুক্ত অরূপ বিশ্বাস সম্প্রতি কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তি বা রক্ষাকবচ পেয়েছেন। এখন শতদ্রু দত্তের এই নতুন পদক্ষেপে মামলাটি ফের নতুন মোড় নিতে চলেছে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।