“রাস্তা পথচারীদের, দখলদারদের নয়!” বারাসাতে উচ্ছেদের চূড়ান্ত হুঁশিয়ারি প্রশাসনের

বারাসাত: বারাসাত শহরের দীর্ঘদিনের চেনা ছবি—ঘিঞ্জি রাস্তা আর ফুটপাত দখল করে রাখা হরেক কিসিমের দোকান। বারবার সতর্ক করা সত্ত্বেও পরিস্থিতি বদলায়নি। অবশেষে শহরের যানজট ও পথচারীদের ভোগান্তি মেটাতে সরাসরি রাস্তায় নামল প্রশাসন।
বুধবার সকালে উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরী সারিয়া, বারাসাত পুলিশ জেলার সুপার জে মার্সি এবং স্থানীয় বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায় একযোগে বারাসাতের অন্যতম ব্যস্ত এলাকা ‘কেএনসি রোড’ পরিদর্শনে যান। সেখানে দেখা যায়, বহু ব্যবসায়ী তাঁদের দোকান বাড়িয়ে ফুটপাত তো বটেই, রাস্তার অংশও দখল করে রেখেছেন। ফলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে পথচলতি মানুষকে।
পরিস্থিতি খতিয়ে দেখে দখলদারদের উদ্দেশ্যে প্রশাসনের বার্তা স্পষ্ট—নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের উদ্যোগে বেআইনি দখল হটাতে হবে। অন্যথায় প্রশাসনিক অভিযানে চালানো হবে সরাসরি উচ্ছেদ ড্রাইভ। জেলাশাসক জানিয়েছেন, শহরকে যানজটমুক্ত করতে এবং পথচারীদের হাঁটার অধিকার ফিরিয়ে দিতেই এই পদক্ষেপ। শুধু বেআইনি দখলই নয়, রাস্তার ওপর বেআইনি পার্কিং করলেও গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা।
পুলিশ সুপার জে মার্সি জানিয়েছেন, পুরসভার আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। প্রশাসন আপাতত সতর্কবার্তা দিলেও আগামীকাল থেকেই শুরু হতে চলেছে মূল প্রশাসনিক অভিযান।