বড় রদবদল শুভেন্দু মন্ত্রিসভায়! ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরলেন নিশীথ, নতুন দায়িত্ব পেলেন কে?

শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় বড় চমক! দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ক্রীড়াদপ্তরের দায়িত্ব থেকে সরানো হলো মাথাভাঙার বিধায়ক নিশীথ প্রামাণিককে। নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন বেহালা পশ্চিমের বিধায়ক ডা. ইন্দ্রনীল খাঁ। শুধু ক্রীড়া নয়, যুব ও উপভোক্তা দপ্তরের স্বাধীন দায়িত্বও থাকছে তাঁর কাঁধেই। অন্যদিকে, নিশীথ প্রামাণিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন ও জলসম্পদ তদন্ত দপ্তরের পূর্ণমন্ত্রী হিসেবে।
নিশীথের বিদায়লগ্নে বিতর্ক ও সাফল্য:
গত ২৮ দিনে নিশীথ প্রামাণিক ক্রীড়ামন্ত্রী হিসেবে একাধিক সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। অলিম্পিক ও এশিয়া স্তরের টুর্নামেন্টে পদক জয়ী ক্রীড়াবিদদের পুরস্কার মূল্য ৮ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করা থেকে শুরু করে যুবভারতী স্টেডিয়ামের বিতর্কিত মূর্তি অপসারণ—তাঁর প্রতিটি পদক্ষেপই নজর কেড়েছিল। এছাড়া ক্রীড়াক্ষেত্রকে রাজনীতিমুক্ত করার ডাক দিয়ে ‘মেসি-কাণ্ডের’ ফাইল খোলার মতো সাহসী সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে সেই দপ্তরের দায়িত্ব থেকে সরে গিয়ে এবার তিনি সামলাবেন উত্তরবঙ্গ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ কাজ।
কার হাতে কোন দায়িত্ব:
নতুন মন্ত্রিসভার বণ্টন অনুযায়ী একাধিক গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে:
- ক্রীড়া ও যুবকল্যাণ: ডা. ইন্দ্রনীল খাঁ (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী)।
- অর্থ দপ্তর: স্বপন দাশগুপ্ত।
- স্বাস্থ্য দপ্তর: ডা. শারদ্বত মুখোপাধ্যায়।
- বাণিজ্য দপ্তর: তাপস রায়।
- শ্রম ও পর্যটন: অর্জুন সিং।
- স্কুল শিক্ষা, আবাসন ও মাঝারি শিল্প: দীপক বর্মন।
অন্যদিকে, প্রশাসনিক নিয়ন্ত্রণ মজবুত রাখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রেখেছেন স্বরাষ্ট্র, ভূমি ও ভূমি রাজস্ব, বিদ্যুৎ এবং তথ্য ও সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলো। নতুন এই রদবদল রাজ্যের প্রশাসনিক মানচিত্রে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।