যোগীরাজ্যে একী ভেলকি! ২ কোটি নাম বাদ যাওয়ার পরেই একলাফে ৪০ লক্ষ বাড়ল ভোটার
June 11, 20269:37 am

লখনউ: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মুখে উত্তরপ্রদেশের ভোটার তালিকায় এক চরম নাটকীয় মোড়! ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) পর্বে রাজ্য জুড়ে প্রায় ২ কোটি সাড়ে ৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। কিন্তু তার মাত্র দু’মাস কাটতে না কাটতেই উত্তরপ্রদেশে মোট ভোটারের সংখ্যা একলাফে বেড়ে গেল প্রায় ৪০ লক্ষ!
বুধবার উত্তরপ্রদেশ রাজ্য নির্বাচন কমিশনের তরফে আগামী পঞ্চায়েত ভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই তালিকাতেই উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। এত বিপুল সংখ্যক নাম বাদ পড়ার পর কীভাবে মাত্র দুই মাসের ব্যবধানে ৪০ লক্ষ ভোটার বৃদ্ধি পেল, তা নিয়ে ইতিমিধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা ও বিস্ময় তৈরি হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে নির্বাচন কমিশনের এই চূড়ান্ত তালিকা এখন রাজ্যের সব রাজনৈতিক দলেরই অংকের হিসাব ওলটপালট করে দিচ্ছে।