৩০ জুনের মধ্যে গ্যাসের ই-কেওয়াইসি না করলেই বন্ধ ভর্তুকি!

দেশের কোটি কোটি রান্নার গ্যাস গ্রাহকের জন্য জারি হলো নতুন নির্দেশিকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সহ এলপিজি সিলিন্ডারে ভর্তুকি পাওয়ার জন্য এবার আধারভিত্তিক বায়োমেট্রিক ই-কেওয়াইসি বাধ্যতামূলক করেছে ইন্ডিয়ান অয়েল। ইন্ডিয়ান ওয়ান অ্যাপ বা ডিস্ট্রিবিউটর অফিসে গিয়ে আগামী ৩০ জুনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১ জুলাই থেকে ই-কেওয়াইসি না করা গ্রাহকদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাঠানো বন্ধ হয়ে যেতে পারে।
কেন এই কড়াকড়ি এবং কী প্রভাব পড়বে?
মূলত সিস্টেম থেকে ভুয়া বা নিষ্ক্রিয় গ্রাহক বাদ দেওয়া এবং সরকারি ভর্তুকি সরাসরি প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতেই এই কড়াকড়ি। উজ্জ্বলা যোজনার আওতায় নির্দিষ্ট সংখ্যক সিলিন্ডারে গ্রাহকরা বর্তমানে ৩০০ টাকা করে ভর্তুকি পেয়ে থাকেন। সময়মতো এই পরিচয় যাচাইকরণ সম্পন্ন না করলে সাধারণ মানুষের মাসিক রান্নার খরচ বেড়ে যাবে এবং বহু পরিবার তাদের প্রাপ্য আর্থিক সহায়তা থেকে সাময়িকভাবে বঞ্চিত হতে পারে।
ঘরে বসেই যেভাবে সারবেন ই-কেওয়াইসি
গ্রাহকদের সুবিধার জন্য ঘরে বসে অনলাইনে বিনামূল্যে এই কাজ করার সুযোগ রাখা হয়েছে। এর জন্য প্রথমে ফোনে ‘ইন্ডিয়ান অয়েল ওয়ান’ অ্যাপ ইনস্টল করে সাইন ইন করতে হবে। এরপর প্রোফাইল অপশনে গিয়ে ই-কেওয়াইসি নির্বাচন করে আধার নম্বর দিয়ে ফেস স্ক্যান সম্পূর্ণ করলেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
যাঁরা অনলাইনে করতে অপারগ, তাঁরা সংশ্লিষ্ট গ্যাস এজেন্সির অফিসে গিয়ে অফলাইনেও এটি করিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে গ্যাস ডিলার বা এজেন্সিতে যাওয়ার সময় গ্যাসের বই, আধার কার্ড এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি সঙ্গে রাখতে হবে। জটিলতা এড়াতে দ্রুত এই কাজ সেরে ফেলা জরুরি।