হাড়হিম হত্যাকাণ্ড! ভালোবেসে বিয়ে করার ‘অপরাধে’ নিজের জামাইবাবুকে গুলি করে খুন করল শ্যালক

সহরানপুর: উত্তরপ্রদেশের সহরানপুর জেলায় পুলিশ নিয়োগ পরীক্ষার কেন্দ্রের বাইরে প্রকাশ্য দিবালোকে ঘটে গেল এক হাড়হিম করা হত্যাকাণ্ড। ভালোবেসে বিয়ে করার ‘অপরাধে’ নিজের জামাইবাবুকে গুলি করে খুন করল শ্যালক। চোখের পলকে বোনকে বিধবা করে দিল নিজের ভাই। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম শিবকুমার (২৪)। ঘটনার দিন তিনি তাঁর স্ত্রী আকাঙ্ক্ষাকে গোচর ইন্টার কলেজে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা দেওয়াতে নিয়ে এসেছিলেন। আকাঙ্ক্ষা পরীক্ষা দিতে হলের ভেতরে ঢোকার পর, শিবকুমার বাইরে তাঁর জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময়ই সেখানে আচমকা চড়াও হয় আকাঙ্ক্ষার ভাই মঞ্জিত। শিবকুমার কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে।
পরীক্ষাকেন্দ্রের সামনে আচমকা এই গুলির শব্দে চারদিকে হুড়োহুড়ি পড়ে যায়। পরীক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রাণভয়ে এদিক-ওদিক ছুটতে থাকেন। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শিবকুমার। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি পুলিশে খবর দিলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর।
পুলিশের কাছে দেওয়া বয়ানে কান্নায় ভেঙে পড়ে আকাঙ্ক্ষা জানিয়েছেন, পরিবারের অমতে মাত্র চার মাস আগে শিবকুমারের সাথে ভালোবেসে ঘর বেঁধেছিলেন তিনি। কিন্তু এই বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারেনি তাঁর পরিবার। বিশেষ করে তাঁর ভাই মঞ্জিত চরম আক্রোশ পুষে রেখেছিল মনে। সেই রাগের বশেই পরীক্ষা কেন্দ্রের বাইরে ওত পেতে থেকে তাঁর স্বামীকে খুন করেছে মঞ্জিত। রামপুর মণিহারন থানার পুলিশ এই ঘটনায় একটি খুনের মামলা দায়ের করে পলাতক অভিযুক্ত ভাইয়ের খোঁজে তল্লাশি শুরু করেছে।