‘উচিত পারিশ্রমিক দিতে চায় না কেউ, এটা আসাম্মানের!’ টলিউড থেকে দূরে থাকার আসল কারণ ফাঁস করলেন চুমকি চৌধুরী

কলকাতা: নব্বইয়ের দশকে ‘হীরক জয়ন্তী’ ছবি দিয়ে টলিউডে পা রেখেছিলেন তিনি। প্রথম ছবিতেই বক্স অফিসে বাজিমাত। তারপর একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন অভিনেত্রী চুমকি চৌধুরী। প্রখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর সুযোগ্য কন্যা হওয়া সত্ত্বেও, বিগত বেশ কয়েক বছর ধরে বড় পর্দা কিংবা ছোট পর্দা— কোথাওই নিয়মিত দেখা মিলছে না তাঁর। ২০২৫ সালের জুলাই মাসে ‘রোশনাই’ ধারাবাহিকে শেষবার অভিনয় করেছিলেন তিনি। তারপর থেকে দীর্ঘ প্রায় এক বছর ধরে রুপোলি পর্দা থেকে গায়েব অভিনেত্রী।
সম্প্রতি পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটে বিজেপি ক্ষমতায় আসার পর, টলিউড ইন্ডাস্ট্রিতেও বড়সড় রদবদলের হাওয়া বইছে। এই রাজনৈতিক পালাবদলের আবহেই নিজের দীর্ঘ অন্তরাল নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন চুমকি। অনেকেই ভাবছিলেন, তাঁর এই দূরে থাকার পেছনে হয়তো কোনো রাজনৈতিক কারণ রয়েছে। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী।
চুমকি চৌধুরী বলেন, “বাবা আমাদের সবসময় বলতেন কাজে মন দিতে, বাইরে কী ঘটছে তাতে কান না দিতে। আমি আজও সেই পথই চলি। তাই রাজনৈতিক কোনো কর্মকাণ্ড বা বিতর্ক কখনোই আমার ওপরে প্রভাব ফেলেনি। পর্দা থেকে দূরে থাকার পেছনে আসলে অন্য কারণ রয়েছে।”
টলিউডের বর্তমান পরিস্থিতির ওপর ক্ষোভ উগরে দিয়ে তিনি জানান, ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞ শিল্পীদের যোগ্য সম্মান ও পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। ক্ষোভের সুরে অভিনেত্রী বলেন, “এখানে পারিশ্রমিক নিয়ে চরম সমস্যায় পড়তে হয়। কেউ প্রাপ্য পারিশ্রমিক দিতে চায় না, যা মাঝে মাঝে ভীষণ আসাম্মানের বলে মনে হয়। এত বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, অভিজ্ঞতার তো একটা মূল্য আছে! সেই অনুযায়ী পারিশ্রমিক দাবি করলে যদি তা না পাওয়া যায়, তবে কেন কাজ করব? সম্প্রতি কাজের দুটি বড় সুযোগ এসেছিল, কিন্তু পারিশ্রমিক মনের মতো না হওয়ায় আমি সরাসরি না করে দিয়েছি। প্রাপ্য মূল্য না পেলে আমি আর কাজ করব না।”
‘প্রতিদান’, ‘আলতা ফড়িং’, ‘গঙ্গারাম’-এর মতো একাধিক জনপ্রিয় মেগা সিরিয়ালের এই চেনা মুখ আপাতত বিদেশ বিভুঁইয়ে ছুটি কাটিয়ে এসে ঘরের চার দেওয়াল আর নিজের জগতেই সময় কাটাচ্ছেন। আর এই মন্তব্যের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন, টলিউডে টিকে থাকতে গেলে অভিজ্ঞতার সাথে আপোষ করতে তিনি একেবারেই রাজি নন।