বিনামূল্যে এলপিজি সিলিন্ডার ও ওভেন! রান্নার গ্যাসে ৩০০ টাকা ভর্তুকি, কীভাবে আবেদন করবেন জানুন
কলকাতা: দেশের দরিদ্র ও অভাবী পরিবারের মহিলাদের ধোঁয়ামুক্ত রান্নাঘর উপহার দিতে বড় উদ্যোগ কেন্দ্র সরকারের। ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’র (PM Ujjwala Yojana) মাধ্যমে মহিলাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি (LPG) গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই প্রকল্পের আওতায় প্রথমবার গ্যাস কানেকশন নিলে সিলিন্ডারের সাথে একটি ওভেনও (গ্যাস ওভেন) একদম বিনামূল্যে পাওয়া যাচ্ছে।
কারা পাবেন এই সুবিধা?
যেসব পরিবারে এখনও পর্যন্ত কোনো এলপিজি গ্যাস কানেকশন নেই, মূলত তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। আবেদনকারী মহিলার নামে আগে থেকে অন্য কোনো গ্যাস সংযোগ থাকা চলবে না। প্রকৃত অভাবী ও যোগ্য পরিবারগুলোর কাছে এই সুবিধা পৌঁছে দিতে কড়া যাচাইকরণ প্রক্রিয়া চালায় সংশ্লিষ্ট বিভাগ।
কমেছে সিলিন্ডারের সংখ্যা, তবে জারি রয়েছে ভর্তুকি
২০১৬ সালে যখন এই স্কিম চালু হয়, তখন বছরে ১২টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার দেওয়া হতো। পরবর্তীতে সেই সংখ্যা কমিয়ে ৯টি এবং বর্তমানে তা বছরে ৪টি সিলিন্ডারে নামিয়ে আনা হয়েছে। তবে ভর্তুকির সুবিধায় কোনো কোপ পড়েনি। ২০২২ সালে সিলিন্ডার পিছু ২০০ টাকা ভর্তুকি দেওয়া শুরু হলেও, ২০২৩ সালের অক্টোবর থেকে তা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়। এই ভর্তুকির টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT) জমা হয়ে যায়।
আবেদনের জন্য কী কী নথিপত্র লাগবে?
আবেদন করার জন্য প্রয়োজনীয় কিছু জরুরি কাগজপত্র সঙ্গে রাখতে হবে। যেমন—
- পরিচয়পত্র এবং বাসস্থানের প্রমাণপত্র ([Omitted] কার্ড/ভোটার কার্ড)
- আয়ের শংসাপত্র (Income Certificate)
- ব্যাঙ্ক পাসবুক (অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড)
- রেশন কার্ড
- পাসপোর্ট সাইজের ছবি
অনলাইনে আবেদনের সহজ পদ্ধতি:
যোগ্য মহিলারা এজেন্সিতে গিয়ে অথবা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। প্রক্রিয়াটি নিচে দেওয়া হলো:
১. প্রথমে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যান।
২. হোম পেজে গিয়ে ‘PM Ujjwala Yojana Online Apply’ লিঙ্কে ক্লিক করুন।
৩. এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
৪. ওটিপি (OTP) যাচাইয়ের জন্য সচল মোবাইল নম্বর দিতে হবে।
৫. শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে ফর্মটি সাবমিট করুন।
যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া সফল হলেই সম্পূর্ণ বিনামূল্যে মিলবে নতুন গ্যাস কানেকশন ও ওভেন।