গঙ্গার বুকে ৬০ ফুটের ‘দুর্গা শক্তি’! ঢেলে সাজানো হচ্ছে হাওড়ার গঙ্গাপাড়

কলকাতা: দীর্ঘদিন ধরে আবর্জনার স্তূপ, ভাঙা প্রতিমা আর দূষণে ধুঁকছিল হাওড়ার গঙ্গার ঘাটগুলো। তবে এবার সেই চেনা ছবি এক ঝটকায় বদলে যেতে চলেছে। রাজ্য সরকার ও পোর্ট ট্রাস্টের যৌথ উদ্যোগে রূপোলি গঙ্গার পাড় পেতে চলেছে এক্কেবারে আন্তর্জাতিক রূপ। কলকাতার স্ট্র্যান্ড রোডের আদলে এবার সেজে উঠবে হাওড়ার গ্র্যান্ড ফোরশোর রোড ও সংলগ্ন ঘাট এলাকা।
এই মেগা প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে গঙ্গার জলের ওপর দাঁড়িয়ে থাকা প্রায় ৬০ ফুট উচ্চতার একটি বিশাল ধাতব দুর্গামূর্তি, যার নাম দেওয়া হয়েছে ‘দুর্গা শক্তি’। এটি তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা। শুধু তাই নয়, এই মূর্তির দুই পাশে থাকবে ২০ ফুট উঁচু দুটি ধাতব ধুনুচি, যা গোটা এলাকার সৌন্দর্যকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে।
বৃহস্পতিবারই রামকৃষ্ণপুর ঘাট এলাকা পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। তাঁর সঙ্গে ছিলেন পোর্ট ট্রাস্ট এবং ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশনের পদস্থ কর্তারা। জানা গিয়েছে, হাওড়া ব্রিজ থেকে বিদ্যাসাগর সেতু পর্যন্ত বিস্তৃত গঙ্গার ঘাটগুলোকে ধাপে ধাপে আধুনিক করে তোলা হবে। আগামী দুর্গাপুজোর আগেই ‘দুর্গা শক্তি’ প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
আসছে ‘লন্ডন আই’-এর মতো জায়ান্ট হুইল, ভাঙা হচ্ছে বেআইনি গুদাম:
নির্মাণ সংস্থার আধিকারিকদের মতে, গঙ্গার জোয়ার-ভাটা আর বর্ষার তীব্র স্রোতের মধ্যে নদীর ওপর এমন বিশাল কাঠামো তৈরি করা মস্ত বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ। তাই অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে এই কাজ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, “হাওড়া এতদিন আবর্জনা আর মালবাহী গাড়ির শহর হিসেবেই পরিচিত ছিল। গঙ্গার ওপারে কলকাতার ঝকঝকে স্ট্র্যান্ড রোড দেখতাম। এবার হাওড়ার গঙ্গাপাড়ও সেই মানের রূপ পাবে।”
ভবিষ্যতে এই গঙ্গাপাড়েই গড়ে উঠবে আধুনিক হোটেল, রেস্তোরাঁ, শপিং মল, পার্ক এবং হাসপাতাল। এমনকি লন্ডনের বিখ্যাত ‘লন্ডন আই’-এর আদলে একটি বিশাল অবজারভেশন হুইল (জায়ান্ট হুইল) তৈরির পরিকল্পনাও রয়েছে সরকারের। এই মেগা প্রজেক্টের খাতিরে ইতিমধ্যেই পোর্ট ট্রাস্টের জমি দখল করে থাকা বেআইনি দোকানপাট উচ্ছেদ এবং বহু পরিত্যক্ত গুদাম ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে, আগামী দিনে কলকাতার পাশেই হাওড়ার গঙ্গাপাড় যে এক আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠতে চলেছে, তা বলাই বাহুল্য।