মণিপুরে অপহৃত ৬ নাগার দেহ উদ্ধার, ক্ষোভে জ্বলছে ইম্ফল! তদন্তভার হাতে নিল NIA

ইম্ফল: মণিপুরের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই নতুন করে ছড়ালো তীব্র উত্তেজনা। অপহৃত ছয় নাগা নাগরিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিল রাজ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা আসল অপরাধীদের খুঁজে বের করতে তড়িঘড়ি ‘এনআইএ’ (NIA) তদন্তের নির্দেশ দিয়েছে মণিপুর রাজ্য সরকার।
বুধবার রাতে যখন উদ্ধার হওয়া মরদেহগুলি ময়নাতদন্তের জন্য ইম্ফলের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের মর্গে আনা হয়, তখনই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মর্গের সামনেই শুরু হয় বিশাল বিক্ষোভ। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে পুলিশ মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং একের পর এক কাঁদানে গ্যাসের শেল ফাটায়।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে বৃহস্পতিবার ভোরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র একটি উচ্চপর্যায়ের দল ঘটনাস্থলে পৌঁছায়। তাঁদের সাথে রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞ এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরা। ইতিমধ্যেই মর্গে গিয়ে মরদেহগুলি পরীক্ষা করার পাশাপাশি বৈজ্ঞানিক তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন তাঁরা। এই ঘটনার পর নতুন করে যাতে কোনো জাতিগত হিংসা না ছড়ায়, তার জন্য পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।