আদালত চত্বরে ‘ডিম থেরাপি’! চোর স্লোগানের মাঝে তৃণমূল নেতা ও বালি মাফিয়াকে লক্ষ্য করে দেদার ডিম বৃষ্টি

দুর্গাপুর: বাংলায় এবার শুরু হলো অভিনব ‘ডিম থেরাপি’! কে কত বেশি ডিম ছুড়তে পারে তৃণমূল নেতা ও বালি মাফিয়াকে লক্ষ্য করে, তা নিয়ে কার্যত প্রতিযোগিতা শুরু হয়ে গেল সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আদালত চত্বরে দুই হেভিওয়েট অভিযুক্তকে পেশ করার সময় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, পুলিশ ভ্যানে তোলার সময় ডিমের হাত থেকে বাঁচতে রীতিমতো মুখ লুকাতে হয় ধৃতদের।

কারা এই দুই অভিযুক্ত?

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের একজন হলেন পাণ্ডবেশ্বরের স্থানীয় তৃণমূল নেতা তথা পেশায় শিক্ষক নিত্যানন্দ অধিকারী ওরফে নীতু মাস্টার। তাঁর বিরুদ্ধে নির্বাচনকালীন হুমকি, বোমাবাজি ও হিংসা ছড়ানোর মারাত্মক অভিযোগ রয়েছে। অন্যজন হলেন ওই এলাকারই কুখ্যাত বালি মাফিয়া যুধিষ্ঠির ঘোষ, যাকে ২০০২ সালের একটি পুরনো মামলায় জারি থাকা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গ্রেফতার করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।

আদালত চত্বরে চলল ‘ডিম প্রতিযোগিতা’:

এদিন দু’জনকেই আদালতে তোলার পর যখন পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়ার তোড়জোড় করছিল, ঠিক তখনই ক্ষোভে ফেটে পড়েন সেখানে উপস্থিত জনতা। চারিদিক থেকে ‘চোর চোর’ স্লোগান উঠতে শুরু করে। এরই মাঝে একদল মানুষ পকেট থেকে ডিম বের করে একের পর এক ছুড়তে থাকেন ধৃত তৃণমূল নেতা ও বালি মাফিয়াকে লক্ষ্য করে। দেদার ডিম ছোড়ার জেরে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় আদালত চত্বর।

তৃণমূল নেতার বিরুদ্ধে বধূ হত্যা ও ভোট দেওয়ার চাপের অভিযোগ:

আদালত চত্বরে নিত্যানন্দ অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। সুশান্ত সূত্রধর নামে এক ব্যক্তি অভিযোগ করেন, এই নীতু মাস্টারের লাগাতার মানসিক নির্যাতন, হুমকি ও নজরদারির কারণেই তাঁর স্ত্রী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। অন্যদিকে, উর্মিলা নামে বেলডাঙার এক বাসিন্দা অভিযোগ তোলেন, তাঁদের বাড়ি ভাঙচুর করে জোরপূর্বক তৃণমূলকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেন এই নেতা।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি মুখপাত্র সুমন্ত মণ্ডল দাবি করেছেন, পূর্ববর্তী জমানায় এরা কয়লা ও বালি মাফিয়াদের দাপট বাড়িয়েছিল। দুর্নীতিবাজদের কাউকেই ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালত চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *