‘দল হেরেছে ঠিকই, কিন্তু সব দোষ অভিষেকের নয়!’ সায়নীর দলবদল নিয়ে বড় তথ্য ফাঁস করলেন সৌগত

কলকাতা: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূলের অন্দরে যখন তুলকালাম কাণ্ড চলছে, ঠিক তখনই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন প্রবীণ সাংসদ সৌগত রায়। দলত্যাগ ও শিবির বদলের এই ভরা মরশুমে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দলের এই হাল খারাপের জন্য একা অভিষেককে বলির পাঁঠা বানানো ঠিক নয়। একই সঙ্গে সদ্য দলত্যাগী সায়নী ঘোষকে নিয়েও এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন বর্ষীয়ান এই নেতা।
সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সৌগত রায় বলেন, “দলের হাল খারাপ, এটা আমি মেনে নিচ্ছি। বিধানসভা ভোটে দল হেরে গিয়েছে। বেশ কিছু বিধায়ক দল ছেড়েছেন, কোনও কোনও সাংসদ দলের বিরুদ্ধে মুখ খুলছেন, এমনকি রাজ্যসভার সাংসদরাও পদত্যাগ করেছেন। কিন্তু সব কিছুর জন্য অভিষেককে দোষারোপ করা ভুল।”
দলের বিদ্রোহী নেতাদের একহাত নিয়ে তিনি প্রশ্ন তোলেন, “যাঁরা আজ অভিষেকের বিরুদ্ধে বিষোদগার করছেন, তাঁরাই তো ৪ মে-এর আগে তাঁর জয়জয়কার করেছিলেন। তখন তো কেউ বলেননি যে মনের ভেতর এত রাগ জমে আছে! আমি অন্তত কারও মুখে এমন কথা শুনিনি।”
কল্যাণের ক্ষোভ নিয়ে মুখ খুললেন সৌগত
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বলেছিলেন, ‘হয় অভিষেককে রাখুন, না হলে আমাদের ছেড়ে দিন।’ তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ কেন এত চটে গেলেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে এড়িয়ে গিয়েছেন সৌগত রায়।
৪-৫ দিন আগেই কী বলেছিলেন সায়নী?
তৃণমূলের অন্দরে সবথেকে বড় ধাক্কাটি এসেছে সায়নী ঘোষের দলবদলে। সায়নীকে নিয়ে বিস্ফোরক দাবি করে সৌগত রায় বলেন, “মাত্র ৪-৫ দিন আগেই সায়নীর সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। তখনও ও আমায় জোর দিয়ে বলেছিল যে ও মমতাদির সঙ্গেই থাকবে। তারপর হঠাৎ কী এমন হলো যে ও মত বদলে ফেলল, তা আমি জানি না। ও নিজেই সেটা ভালো বলতে পারবে।” বিমানবন্দরে সায়নীর টুপি ও সানগ্লাস পরা লুকের কথা উল্লেখ করে তিনি বলেন, “দেখলাম সানগ্লাস-টুপি পরে বিমানবন্দর থেকে বেরোল।”
নির্বাচনে হারের পর যেখানে দলের শীর্ষ নেতারা অভিষেকের দিকে আঙুল তুলছেন, সেখানে সৌগত রায়ের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।