মমতার আপত্তি খারিজ! বেলডাঙা হিংসায় NIA তদন্তের রাস্তা পুরো পরিষ্কার করল শুভেন্দু সরকার

মমতার আপত্তি খারিজ! বেলডাঙা হিংসায় NIA তদন্তের রাস্তা পুরো পরিষ্কার করল শুভেন্দু সরকার

কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙার অশান্তির তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)-এর হাত পুরোপুরি ‘খুলে’ দিল শুভেন্দু অধিকারীর নতুন সরকার। পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের তৈরি করা সমস্ত আইনি বাধা ও আপত্তি একঝটকায় প্রত্যাহার করে নিল বর্তমান রাজ্য সরকার।

বিধানসভা ভোটের ঠিক আগে ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিয়েছিল বেলডাঙা। দফায় দফায় ভাঙচুর, রেল অবরোধ, জাতীয় সড়ক স্তব্ধ করা এবং সাংবাদিকদের মারধরের মতো গুরুতর ঘটনা ঘটেছিল। তৎকালীন তৃণমূল সরকার এই ঘটনায় এনআইএ তদন্ত এবং ইউএপিএ (UAPA) ধারা প্রয়োগের তীব্র বিরোধিতা করেছিল। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াই টানে তৎকালীন শাসকদল।

হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট: কী হয়েছিল আইনি লড়াই?

বেলডাঙার হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছিল, কেন্দ্রীয় সরকার চাইলে এনআইএ-কে দিয়ে তদন্ত করাতেই পারে। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ছুটেছিল তৎকালীন রাজ্য সরকার। যদিও সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে কোনও হস্তক্ষেপ করেনি।

আদালতের নির্দেশের পরেও ধৃতদের হস্তান্তর ও কেস ডায়েরি দেওয়া নিয়ে রাজ্য পুলিশ ও এনআইএ-র মধ্যে চরম টানাপড়েন চলেছিল। অবশেষে আদালতের কড়া নির্দেশে পুলিশ সমস্ত নথি ও ধৃতদের কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দিতে বাধ্য হয়।

শুভেন্দু সরকারের বড় পদক্ষেপ:

ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর সরকার এবার আইনি জট পুরোপুরি কেটে দিল। পূর্বতন মমতা সরকারের করা এনআইএ তদন্তের আপত্তির আবেদনটি সুপ্রিম কোর্ট থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে বর্তমান রাজ্য সরকার। ফলে বেলডাঙা কাণ্ডের মূল চক্রীদের খুঁজে বের করতে কেন্দ্রীয় সংস্থার সামনে আর কোনও আইনি বাধা রইল না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *