ফ্রিজে এক বাটি নুন রাখলেই কেল্লাফতে, গরমে দূর হবে একাধিক বড় সমস্যা!

তীব্র গ্রীষ্মে দৈনন্দিন জীবনে ফ্রিজের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। দুধ, শাকসবজি, ফল থেকে শুরু করে রান্না করা খাবার সতেজ রাখতে প্রতিটি বাড়িতেই ফ্রিজের ওপর নির্ভরতা বাড়ে। তবে অতিরিক্ত ব্যবহারের কারণে গরমের দিনে ফ্রিজে বিভিন্ন খাবারের গন্ধ মিশে দুর্গন্ধ তৈরি হওয়া এবং অতিরিক্ত আর্দ্রতায় খাবার দ্রুত নষ্ট হওয়ার মতো সমস্যা দেখা দেয়। এই ঝামেলার এক সহজ ও সাশ্রয়ী সমাধান লুকিয়ে রয়েছে রান্নাঘরের সাধারণ উপাদান নুনের মধ্যে। বিশেষজ্ঞদের মতে, ফ্রিজে এক বাটি নুন রাখলেই এই ধরনের একাধিক সমস্যা থেকে নিমেষেই মুক্তি পাওয়া সম্ভব।
খাবার সতেজ রাখা ও দুর্গন্ধ মুক্তি
গ্রীষ্মকালে ফ্রিজে রাখা শসা, টমেটো, লাউ কিংবা বেগুনের মতো সবজি ভেতরের অতিরিক্ত আর্দ্রতার কারণে দ্রুত নরম হয়ে পচতে শুরু করে। পাশাপাশি বারবার ফ্রিজ খোলার ফলে বাইরের উষ্ণ বাতাস ভেতরে ঢুকে আর্দ্রতা বাড়িয়ে দেয়, যা রান্না করা খাবার ও দুধ দ্রুত নষ্ট হওয়ার প্রধান কারণ। ফ্রিজের এক কোণে এক বাটি নুন রেখে দিলে তা বাতাসের এই অতিরিক্ত আর্দ্রতা ও খাবারের মিশ্র অস্বস্তিকর গন্ধ শোষণ করে নেয়। এর ফলে ফ্রিজের ভেতরের পরিবেশ দীর্ঘ সময় সতেজ থাকে এবং শাকসবজি ও রান্না করা খাবার দীর্ঘ দিন পর্যন্ত টাটকা রাখা সম্ভব হয়।
ফ্রিজারে বরফ নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ
বিশেষ করে পুরনো বা সিঙ্গেল-ডোর ফ্রিজ ব্যবহারকারীদের ক্ষেত্রে ফ্রিজারে অতিরিক্ত বরফ জমার সমস্যা প্রায়ই দেখা যায়। এতে ফ্রিজের ভেতরের জায়গা যেমন কমে, তেমনই ফ্রিজের কুলিং বা শীতলীকরণ প্রক্রিয়ার ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। এই সমস্যা সমাধানে ফ্রিজার ভালোভাবে পরিষ্কার করে ভেতরের অংশে সামান্য নুন ছিটিয়ে দিলে অতিরিক্ত বরফ জমার প্রবণতা অনেকটাই কমে আসে। তবে নুন ক্রমাগত আর্দ্রতা শোষণ করার ফলে ধীরে ধীরে ভিজে যায়, তাই কার্যকারিতা বজায় রাখতে প্রতি ১৫ থেকে ২০ দিন অন্তর বাটির নুন বদলে ফেলা প্রয়োজন। কোনো দামি ক্লিনিং প্রোডাক্ট ছাড়াই সামান্য এই ঘরোয়া টোটকা ব্যবহারে ফ্রিজকে কার্যকর ও পরিচ্ছন্ন রাখা সম্ভব।