আগুনে ছাই ৪,০০০ EVM! আলিপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে এবার গঠিত হলো স্পেশাল ‘SIT’

আগুনে ছাই ৪,০০০ EVM! আলিপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে এবার গঠিত হলো স্পেশাল ‘SIT’

কলকাতা: বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার খাস কলকাতায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। আলিপুরের একটি বহুতল সরকারি বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল প্রায় ৪,০০০ ইভিএম (EVM)। আগুন লাগার এই ঘটনাকে ‘অত্যন্ত সন্দেহজনক’ বলে দাবি করেছেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। এই হাইপ্রোফাইল মামলার রহস্য উদঘাটনে এবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা ‘সিট’ (SIT) গঠন করল কলকাতা পুলিশ।

শুক্রবার এই ঘটনায় একটি এফআইআর (FIR) দায়ের হওয়ার পরেই তড়িঘড়ি তদন্তের জন্য বিশেষ টিম গঠন করা হয়। কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার সুখেন্দু মুখোপাধ্যায় এবং গোয়েন্দা বিভাগের দুঁদে অফিসারদের নিয়ে তৈরি এই SIT মূলত আগুনের উৎস, আগুন কীভাবে ছড়াল এবং সরকারি ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ খতিয়ে দেখবে।

১০টি বিধানসভার ইভিএম পুড়ে ছাই!

দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন, ওই সরকারি বিল্ডিংয়ের ৯ এবং ১০ তলায় নির্বাচন সংক্রান্ত অফিস ছিল। সেখানেই রাখা ছিল ভোটগ্রহণ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসপত্র ও মেশিন। অগ্নিকাণ্ডের ফলে অন্তত ১০টি বিধানসভা কেন্দ্রের প্রায় ৪ হাজার ইভিএম ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই বিপুল পরিমাণ ইভিএম নষ্ট হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের (EC) তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

একই বিল্ডিংয়ে সর্বশিক্ষা মিশন, মিড-ডে মিল এবং হর্টিকালচার ডিপার্টমেন্টেরও অফিস রয়েছে বলে জানা গেছে। ফলে সেখানে বহু গুরুত্বপূর্ণ সরকারি নথিও পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

তদন্তে নামছে ফরেনসিক ও পুলিশ:

অগ্নিকাণ্ডের খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বিপুল ক্ষয়ক্ষতি হয়ে যায়। পুলিশের সূত্র অনুযায়ী, বিল্ডিংয়ের ক্ষতিগ্রস্ত অংশ থেকে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক দল। পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও ওই অফিসের আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

রাজ্যে সবেমাত্র নতুন সরকার ক্ষমতায় এসেছে। এই রাজনৈতিক আবহের মধ্যে একসঙ্গে এত হাজার ইভিএম পুড়ে যাওয়ার ঘটনা রাজ্য রাজনীতিতে চরম তোলপাড় সৃষ্টি করেছে। আগুন লাগার পেছনে কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, SIT-এর তদন্তেই এখন সেই সত্যের অপেক্ষায় রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *