WBCS পরীক্ষার্থীদের জন্য মেগা গিফট! রবিবারেও সকাল সকাল ছুটবে মেট্রো, রইল নতুন টাইমটেবিল

কলকাতা: আগামী রবিবার পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য বড়সড় সুখবর দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। পরীক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ যাত্রীদের সকালবেলার যাতায়াত আরও মসৃণ করতে আগামী ১৪ জুন ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই দিন নির্দিষ্ট দুই করিডোরেই স্বাভাবিক সময়ের এক ঘণ্টা আগে থেকেই ট্রেনের চাকা ঘুরবে। তবে টার্মিনাল স্টেশনগুলি থেকে শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিতই থাকছে।
নিচে ব্লু ও গ্রিন লাইনের মেট্রো পরিষেবার নতুন সময়সূচি দেওয়া হলো:
কদম কদম ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ)
সাধারণত রবিবারে এই লাইনে ১৫২টি মেট্রো চলে। তবে ১৪ জুন স্পেশাল ৪টি ট্রেন বাড়িয়ে মোট ১৫৬টি (৭৮টি আপ এবং ৭৮টি ডাউন) পরিষেবা দেওয়া হবে। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে উভয় দিকেই ৩০ মিনিট অন্তর মেট্রো মিলবে। এরপর থেকে রবিবারের স্বাভাবিক সময়সূচি মেনে ট্রেন চলবে।
প্রথম মেট্রো ছাড়ার সময়:
- সকাল ৮:০০টা: দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (স্বাভাবিক সময় সকাল ৯:০০টার বদলে)।
- সকাল ৮:০০টা: শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (স্বাভাবিক সময় সকাল ৯:০০টার বদলে)।
জোরকদমে গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ)
গ্রিন লাইনেও রবিবারের চেনা ১০৮টি ট্রেনের বদলে ওই দিন মোট ১১২টি (৫৬টি আপ এবং ৫৬টি ডাউন) মেট্রো চালানো হবে। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে দু’দিকেই ৩০ মিনিট পরপর মিলবে ট্রেন। ৯টার পর থেকে স্বাভাবিক রবিবারের সময়সূচি কার্যকর থাকবে।
প্রথম মেট্রো ছাড়ার সময়:
- সকাল ৮:০০টা: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (স্বাভাবিক সময় সকাল ৯:০০টার বদলে)।
- সকাল ৮:০২টা: সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (স্বাভাবিক সময় সকাল ৯:০২ মিনিটের বদলে)।
অন্যান্য লাইনের আপডেট:
ইয়েলো লাইনে (দমদম ক্যান্টনমেন্ট-কবি সুভাষ) রবিবারের স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে। তবে ১৪ জুন পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও মেট্রো চলাচল করবে না।