‘এক প্লেট ফ্রুট চাট ১০০০ টাকা!’ ডাল লেকের ফল বিক্রেতার দাম শুনে চক্ষু চড়কগাছ পর্যটকদের, ভাইরাল ভিডিও

‘এক প্লেট ফ্রুট চাট ১০০০ টাকা!’ ডাল লেকের ফল বিক্রেতার দাম শুনে চক্ষু চড়কগাছ পর্যটকদের, ভাইরাল ভিডিও

শ্রীনগর: কাশ্মীরের বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্র শ্রীনগরের ডাল লেকে ঘটে গেল এক মজার ঘটনা। শিকারা বা নৌকায় করে ফল বিক্রি করা এক ব্যবসায়ী এক প্লেট ফ্রুট চাটের (Fruit Chaat) দাম ১,০০০ টাকা বলায় রীতিমতো চমকে যান পর্যটকরা। এরপর ওই বিক্রেতার সঙ্গে পর্যটকদের দর কষাকষির একটি মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। একই সঙ্গে এই ভিডিওটি পর্যটন কেন্দ্রগুলোর অতিরিক্ত দাম নিয়ে নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ইনস্টাগ্রামের ‘@lifeinframes.journey22’ পেজ থেকে শেয়ার হওয়া এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন পর্যটক ঐতিহ্যবাহী নৌকায় বসে ডাল লেকের সৌন্দর্য উপভোগ করছেন।

ঠিক তখনই আরেকটি নৌকায় প্রচুর ফল নিয়ে হাজির হন এক বিক্রেতা এবং তাঁদের ফ্রুট চাট কেনার অনুরোধ করেন। পর্যটকরা দাম জিজ্ঞেস করতেই তিনি জানান, এক প্লেটের দাম ১,০০০ টাকা! এই আকাশছোঁয়া দাম শুনে ধাক্কা খান এক মহিলা পর্যটক। তিনি অবাক হয়ে প্রশ্ন করেন, “এর মধ্যে এমন কী স্পেশাল আছে যে দাম এত বেশি?”

উত্তরে বিক্রেতা দাবি করেন, এই চাটে আনারস, আপেল, আম, খরমুজ ও তরমুজের মতো হরেক রকমের তাজা ফল প্রচুর পরিমাণে মিশিয়ে দেওয়া হচ্ছে। তবে দাম বড্ড বেশি মনে হওয়ায় ওই মহিলা পর্যটক লাগাতার দর কষাকষি শুরু করেন। প্রথমে বিক্রেতা মাত্র ১০ শতাংশ দাম কমাতে রাজি হলেও, শেষমেশ এক প্লেট চাট ৮০০ টাকায় দিতে রাজি হন।

দাম কমতেই খুশি হয়ে ওই মহিলা একসঙ্গে ৫ প্লেট ফ্রুট চাটের অর্ডার দিয়ে দেন।

পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের কাছ থেকে কি অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে?— এই প্রশ্ন তুলে ডাল লেকের এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *