৬ মাসের মধ্যেই কলকাতায় পুরভোট! বোর্ড গঠনের ডেডলাইন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

৬ মাসের মধ্যেই কলকাতায় পুরভোট! বোর্ড গঠনের ডেডলাইন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

কলকাতা: বছর শেষেই কলকাতায় হতে চলেছে মেগা পুরভোট! আর আগামী ৭ ডিসেম্বরের মধ্যেই নতুন পুরবোর্ড গঠন করে ক্ষমতা হস্তান্তর করা হবে। সোমবার কলকাতা পুরসভার এক বিশেষ প্রশাসনিক অনুষ্ঠান থেকে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, রাজ্য নির্বাচন কমিশন আইন মেনেই নির্দিষ্ট সময়ের মধ্যে এই ভোট প্রক্রিয়া সম্পন্ন করবে।

এদিন পুরসভার ‘স্বচ্ছতা স্বাগত অভিযান’ অনুষ্ঠানে অংশ নিতে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার পুরভবনে আসেন শুভেন্দু অধিকারী। আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই তৈরি হলো এক নজিরবিহীন রাজনৈতিক সৌজন্যের আবহ। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক বৈঠকে বিরোধী দলগুলিকে ডাকার যে রেওয়াজ শুরু হয়েছে, এদিনও তার ব্যতিক্রম হয়নি।

এক মঞ্চে ফিরহাদ-মালা, শুভেন্দুর আমন্ত্রণে আপ্লুত মমতার ভ্রাতৃবধূ কাজরী

এদিনের অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক ছিল তৃণমূলের হেভিওয়েট প্রতিনিধিদের উপস্থিতি। একদিকে যেমন মঞ্চে দেখা গেল পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ও প্রাক্তন চেয়ারপার্সন মালা রায়কে, তেমনই হাজির ছিলেন দেবাশিস কুমার ও জুঁই বিশ্বাসের মতো বিদায়ী কাউন্সিলররা। তবে সবাইকে চমকে দিয়ে এদিন উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তথা তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই আমন্ত্রণকে সদর্থক আখ্যা দিয়ে কাজরীদেবী জানান, বিরোধীদের এভাবে প্রশাসনিক বৈঠকে ডেকে সম্মান জানানোর ঘটনা আগে ঘটেনি, তাই তিনি স্বভাবতই আপ্লুত।

পুরসভার ১৪৪ জন কাউন্সিলরকেই এদিন আমন্ত্রণ জানানো হয়েছিল। তৃণমূলের পূজা পাঁজা, অনন্যা বন্দ্যোপাধ্যায়দেরও এদিন হাসিমুখে অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। রাজ্য রাজনীতির চিরপরিচিত তিক্ততা ভুলে শাসক ও বিরোধী শিবিরের এই মেলবন্ধন এবং একই সাথে কলকাতার পুরভোটের দামামা বেজে যাওয়া— সব মিলিয়ে সোমবারের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জোর শোরগোল রাজনৈতিক মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *