বাংলায় বড়সড় লগ্নির হাতছানি! সিঙ্গাপুরের সংস্থার পাশাপাশি আগ্রহী ৪২ শিল্পপতি

পশ্চিমবঙ্গে শিল্পায়নের পালে নতুন হাওয়া। রাজ্যে বিনিয়োগের জোরালো ইচ্ছাপ্রকাশ করল সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক সংস্থা ‘ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজ’। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এই সংস্থার চেয়ারম্যান তথা সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের (ইন্ডিয়া বিজনেস কাউন্সিল) প্রধান প্রসূন মুখোপাধ্যায়। ভারতের অন্যান্য প্রান্তের মতো এ রাজ্যেও লজিস্টিক পার্ক নির্মাণে বিপুল লগ্নির আগ্রহ দেখিয়েছে তাঁর সংস্থা। এই বৈঠককে রাজ্যের আর্থিক বৃদ্ধি, কৌশলগত উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী।
স্বতঃপ্রণোদিত হয়ে যোগাযোগ শিল্পপতিদের
শুধু বিদেশি সংস্থাই নয়, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই দেশীয় শিল্পপতিদের মধ্যেও বাংলায় বিনিয়োগ নিয়ে নতুন করে উৎসাহ দেখা যাচ্ছে। রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই প্রায় ৪২ জন শিল্পপতি নিজে থেকে যোগাযোগ করে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। রাজ্য সরকারের তরফেও তাঁদের সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। রাজনৈতিক পালাবদলের কারণেই এই বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে, যার ফলে আগামী দিনে রাজ্যে পরিকাঠামো উন্নয়ন ও বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে।
আসন্ন বাজেটে শিল্পের নতুন রূপরেখা
শিল্পক্ষেত্রে এই ইতিবাচক আবহের মাঝেই আগামী ২২ জুন রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট পেশ হতে চলেছে। পূর্বতন সরকারের আমলের শিল্পখরা কাটিয়ে রাজ্যে নতুন করে বড় অঙ্কের বিনিয়োগ টানতে এই বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে পারে। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী স্বয়ং রাজ্যে বিনিয়োগ টানার বিষয়ে তদারকি করছেন এবং আসন্ন বাজেটে রাজ্যের জন্য একটি যুগান্তকারী শিল্প ও বিনিয়োগ নীতিও ঘোষণা করা হতে পারে।