রেশনের লোগো লাগানো বস্তায় পোকা ধরা চাল-গম! গাড়ি আটকে বিক্ষোভ

শান্তিপুর: সরকারি রেশনের লোগো লাগানো বস্তা থেকে বেরোচ্ছে অত্যন্ত নিম্নমানের এবং পোকা ধরা চাল ও গম! নদিয়ার শান্তিপুরের ফুলিয়া এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রেশনের এই পচা খাদ্যসামগ্রী বিলির চেষ্টার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার প্রতিবাদে এবং দুর্নীতির অভিযোগে রেশনের মালবোঝাই গাড়ি আটকে দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
বিজেপি নেতৃত্বের দাবি, কিছু অসাধু ব্যবসায়ী এই নষ্ট ও পোকা ধরা গম দিয়ে আটা তৈরি করে তা সাধারণ মানুষের রেশন দোকানে বিলি করার বড়সড় ছক কষেছিল। সরকারি নজরদারি এড়িয়ে কীভাবে এই বিপুল পরিমাণ নিম্নমানের খাদ্যসামগ্রী রেশনের লোগো দেওয়া বস্তায় এল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। এলাকায় উত্তেজনা ছড়াতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এই গোটা ঘটনার পেছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে প্রশাসন।