শিক্ষক নিয়োগে চরম দুর্নীতি? বিশ্বভারতীর উপাচার্যকে কড়া নোটিস তফসিলি কমিশনের

শিক্ষক নিয়োগে চরম দুর্নীতি? বিশ্বভারতীর উপাচার্যকে কড়া নোটিস তফসিলি কমিশনের

শান্তিনিকেতন: বিশ্বভারতীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে ফের মাথাচাড়া দিল চরম বিতর্ক। বাংলা বিভাগে সংরক্ষিত পদে নিয়োগে বড়সড় বেনিয়মের অভিযোগে এবার সরাসরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কড়া নোটিস পাঠাল জাতীয় তফসিলি জনজাতি কমিশন (NCST)। জবাব না মিললে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

কী অভিযোগ?

জানা গিয়েছে, বিশ্বভারতীর বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক (এসটি সংরক্ষিত) পদে নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। গত জানুয়ারিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তুষার পটুয়া জাতীয় তফসিলি কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, নিয়োগ প্রক্রিয়ায় কোনও স্বচ্ছতা মানা হয়নি এবং একাধিক যোগ্য প্রার্থীকে ইন্টারভিউয়ের সুযোগ থেকেই ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে।

কমিশনের চরম হুঁশিয়ারি:

এই অভিযোগের ভিত্তিতে গত ফেব্রুয়ারিতেই উপাচার্যের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছিল কমিশন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও উত্তর মেলেনি। এরপরেই চরম ক্ষুব্ধ কমিশন ফের নতুন করে নোটিস জারি করেছে। আগামী ৭ দিনের মধ্যে অভিযোগ সংক্রান্ত যাবতীয় তথ্য, নথি ও রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এবারও নির্ধারিত সময়ের মধ্যে উত্তর না পেলে সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সরাসরি কর্তৃপক্ষকে তলব করা হবে। চলতি বছরের শুরু থেকেই এই নির্দিষ্ট পদের নিয়োগ নিয়ে বিতর্ক চলছিল। এখন দেখার, কমিশনের এই কড়া নোটিসের পর বিশ্বভারতী কর্তৃপক্ষ কী জবাব দেয়। এই মুহূর্তে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে শিক্ষামহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *