সাইকেলের সিটে বসে তাক লাগানো যোগাসন! যোগ দিবসে গুমায় অভিনব চমক খুদেদের

সাইকেলের সিটে বসে তাক লাগানো যোগাসন! যোগ দিবসে গুমায় অভিনব চমক খুদেদের

উত্তর ২৪ পরগনা: আজ আন্তর্জাতিক যোগ দিবস। আর এই বিশেষ দিনটিতে এক অভিনব কসরত দেখিয়ে তাক লাগিয়ে দিল উত্তর ২৪ পরগনার গুমার একদল খুদে। মাটিতে বা ম্যাটে নয়, একেবারে সাইকেলের ওপর অনবদ্য সব যোগাসন করে সুস্থ জীবনের বার্তা দিল তারা।

রবিবার ভারতীয় জনতা যুব মোর্চার (BJYM) উদ্যোগে গুমা ইউনাইটেড ক্লাবের মাঠে এই বিশেষ ‘সাইকেলে যোগ’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগরের বিজেপি বিধায়ক তথা চিকিৎসক সুময় হীরা এবং অশোকনগর মণ্ডল-১ যুব মোর্চার সভাপতি প্রদ্যুৎ রায়-সহ এলাকার বহু বিশিষ্ট মানুষ।

অনুষ্ঠানে প্রশিক্ষক দেবাশিস মিস্ত্রির তত্ত্বাবধানে যোগ শিক্ষার্থীরা নানা ধরনের আসন প্রদর্শন করে। তবে গোটা অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ছোটদের এই ‘সাইকেলে যোগ’। রোজকার যাতায়াতে সাইকেল চালানোর পাশাপাশি কীভাবে সামান্য কিছু আসন করে শরীরকে তরতাজা ও রোগমুক্ত রাখা যায়, সেটাই অনায়াসে করে দেখায় এই খুদেরা।

যোগব্যায়ামের গুরুত্ব বোঝাতে গিয়ে বিধায়ক সুময় হীরা বলেন, “আধুনিক চিকিৎসাবিজ্ঞানও আজ যোগের কদর বুঝেছে। ওষুধের পাশাপাশি নিয়মিত যোগাভ্যাস অনেক জটিল রোগ দ্রুত সারাতে সাহায্য করে।” অন্যদিকে, মূল উদ্যোক্তা প্রদ্যুৎ রায় জানান, যোগব্যায়ামকে দৈনন্দিন জীবনের অঙ্গ করে তুললে মানুষের আয়ু ও কর্মক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায়।

এদিনের এই বিশেষ যোগা শিবিরের পর এলাকায় একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালিরও আয়োজন করা হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিতে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন উদ্যোক্তা ও স্থানীয় সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *