রাজ্য বাজেটের ঠিক আগেই কল্পতরু মোদি, বাংলার জন্য ৬০ হাজার কোটি বরাদ্দ!

সোমবার বিধানসভায় রাজ্যের নবনির্বাচিত শুভেন্দু অধিকারী সরকারের প্রথম বাজেট পেশ। এই বাজেট ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারীদের প্রত্যাশার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই বাংলার প্রতি কল্পতরু হয়ে উঠল নরেন্দ্র মোদি সরকার। বিধানসভা নির্বাচনে দেওয়া ‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য বিপুল আর্থিক বরাদ্দের হিসাব পেশ করেছেন খোদ প্রধানমন্ত্রী।
উন্নয়নে বিপুল আর্থিক প্যাকেজ
সম্প্রতি রাজ্যজুড়ে পালিত হওয়া ‘পশ্চিমবঙ্গ দিবস’-এর আবহে মুখ্যমন্ত্রীকে লেখা এক আবেগঘন চিঠিতে প্রধানমন্ত্রী রাজ্যের প্রতি তাঁর পূর্ণ সহযোগিতার বার্তা দিয়েছেন। জানা গিয়েছে, রাজ্যের আটকে থাকা উন্নয়নমূলক কাজ ও জল জীবন মিশনের জন্য ইতিমধ্যেই ৪০ হাজার কোটি এবং রেলের পরিকাঠামো উন্নয়নে ১৫ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও ৬০ হাজার কোটি টাকার বিশাল বরাদ্দ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যে ক্ষমতা বদলের পর দ্রুত উন্নয়ন ও প্রশাসনিক স্থবিরতা কাটাতেই কেন্দ্র এই বিশাল আর্থিক পদক্ষেপ গ্রহণ করেছে।
বিনিয়োগ ও শিল্পে সম্ভাবনার নয়া দিগন্ত
এই বিপুল বরাদ্দের সুদূরপ্রসারী প্রভাব রাজ্যের অর্থনীতিতে পড়বে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় স্পষ্ট করেছেন, রাজ্যের অর্থনীতিকে আধুনিক ভিত্তির ওপর দাঁড় করাতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো জরুরি। এই অর্থ সহায়তার ফলে রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার, পণ্য পরিবহন ব্যবস্থার উন্নতি এবং শিল্পক্ষেত্রে হয়রানির বদলে সহযোগিতামূলক পরিবেশ তৈরি হবে। ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আগামী দিনে মৎস্য চাষ, খাদ্য প্রক্রিয়াকরণ, বস্ত্রশিল্প, পর্যটন এবং ডিজিটাল অর্থনীতির এক প্রধান কেন্দ্র হিসেবে পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশ করার প্রবল সম্ভাবনা তৈরি হলো।