ব্রিটেনে জন্মদিনের পার্টিতে গিয়ে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার, শোকের ছায়া পরিবারে
লেস্টার: উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ব্রিটেনে পাড়ি দিয়েছিলেন তেলঙ্গনার যুবক শ্রীনাথ রেড্ডি সাভুসানি (২৫)। কিন্তু জন্মদিনের পার্টিতে গিয়ে অকালেই প্রাণ ঝরল তাঁর। বিদেশের মাটিতে এই রহস্যজনক মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে তাঁর পরিবার এবং ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের মধ্যে।
ঠিক কী ঘটেছিল?
জানা গেছে, গত বছর উচ্চশিক্ষার জন্য ব্রিটেনের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে গিয়েছিলেন তেলঙ্গনার কামারেড্ডি জেলার বাসিন্দা শ্রীনাথ। গত ২২ জুন রাতে এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিনি। সেই বন্ধুর বাড়িতেই রাত কাটান তিনি। পরদিন সকালে ওই বন্ধু শ্রীনাথকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তদন্তে পুলিশ, দেশে ফেরানোর আকুতি
শ্রীনাথের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। রহস্যের জট খুলতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ শ্রীনাথের বাবা-মা। এডুকেশন লোন নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন তাঁরা, এখন দেহ দেশে ফিরিয়ে আনার সামর্থ্যও তাঁদের নেই।
সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী ভারতীয়রা
ব্রিটেনে বসবাসকারী তেলেগু সম্প্রদায়ের মানুষরা মানবিকতার খাতিরে এগিয়ে এসেছেন। শ্রীনাথের দেহ দেশে ফেরানোর খরচ জোগাড় করতে ‘গোফান্ডমি’ (GoFundMe) প্ল্যাটফর্মে চাঁদা তোলা হচ্ছে। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে কেন্দ্র ও তেলঙ্গনা সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে দ্রুত মৃতদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় এবং এই মৃত্যুর সঠিক তদন্ত হয়।