সাতসকালে সাইকেল থেকে নামিয়ে নৃশংস খুন! জমি বিবাদের জেরে প্রতিবেশী খুনের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য

মুর্শিদাবাদের নবগ্রামের খাজুরিয়া গ্রামে রবিবার সকালে জমি সংক্রান্ত বিবাদের জেরে নফল শেখ নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে নফল শেখ সাইকেল নিয়ে বাজারে যাওয়ার পথে এলাকার মাঠের সামনে পৌঁছালে তাঁর প্রতিবেশী হাবু শেখ আচমকা ধারালো হাঁসুয়া নিয়ে হামলা চালায়। সাইকেল থেকে ফেলে দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপানো হলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত হাবু শেখ এলাকা থেকে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, জমি নিয়ে দীর্ঘদিনের পুরনো বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে। সাতসকালে এমন ভয়াবহ ঘটনায় গোটা এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনার নেপথ্যে জমি বিবাদ ছাড়াও অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।