নামের ভুলে কেউ বিদেশি নয়, আসামে নাম বাতিল হওয়া নাগরিকদের বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

সরকারি নথিতে সামান্য টাইপিংয়ের ভুল বা প্রযুক্তিগত ক্রুটির জেরে কাউকে বিদেশি হিসেবে ঘোষণা করা যেতে পারে না বলে সাফ জানিয়েছে দেশের শীর্ষ আদালত। আসামে নাগরিকত্ব প্রমাণে ১৯৭১ সাল থেকে পুরোনো ভোটার তালিকা, জমির দলিল ও বংশতালিকা পেশ করার পরও নামের ভুলের অজুহাতে ২৭ জনকে বিদেশি ঘোষণা করেছিল ফরেনার্স ট্রাইব্যুনাল। গুয়াহাটি হাই কোর্টেও স্বস্তি না পেয়ে অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তিরা। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ ট্রাইব্যুনাল এবং হাই কোর্টের নির্দেশের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করে ভুক্তভোগীদের বড় স্বস্তি দিয়েছে।
শীর্ষ আদালত স্পষ্ট করেছে যে, অনুপ্রবেশ রুখতে সরকারের উদ্বেগ সঙ্গত হলেও নাগরিকত্ব যাচাইয়ের এই প্রক্রিয়াটি অত্যন্ত সংবেদনশীল এবং তা অবশ্যই সম্পূর্ণ ন্যায্য ও স্বচ্ছ হতে হবে। প্রযুক্তিগত ত্রুটিকে হাতিয়ার করে কারও প্রতি অবিচার করা যাবে না। তবে ওই ব্যক্তিরা প্রকৃত ভারতীয় নাগরিক কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। আদালত নির্দেশ দিয়েছে, কোনো কঠোর পদক্ষেপ না করে ফরেনার্স ট্রাইব্যুনালকে নিরপেক্ষভাবে সমস্ত নথি ও প্রমাণ পুনরায় পরীক্ষা করে দেখতে হবে।